Aaj lndia Desk, নয়াদিল্লি: পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পর বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁস বা অন্য কোনও অনিয়ম না হয়, সেই লক্ষ্যেই ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানান , শুধু কঠোর আইন করলেই হবে না, পরীক্ষার পুরো ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে হবে। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে।
কারা থাকছেন এই টাস্কফোর্সে?
নন্দন নিলেকানি (চেয়ারম্যান) – ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও আধার প্রকল্পের অন্যতম রূপকার। পরীক্ষার পুরো প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করবেন।
ড. এস সোমনাথ – প্রাক্তন ইসরো (ISRO) চেয়ারম্যান। বড় প্রযুক্তিগত প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগাবেন।
তপন ডেকা – প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো (IB) প্রধান। পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা আরও শক্তিশালী করার বিষয়ে পরামর্শ দেবেন।
অধ্যাপক ভি কামাকোটি – আইআইটি মাদ্রাজের অধিকর্তা। সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করবেন।
অনিতা করওয়াল – সিবিএসই-র প্রাক্তন চেয়ারপার্সন ও প্রাক্তন শিক্ষা সচিব। শিক্ষা প্রশাসনের অভিজ্ঞতা দিয়ে পরীক্ষা ব্যবস্থার উন্নয়নে সাহায্য করবেন।
অমৃত লাল মীনা – বিহারের প্রাক্তন মুখ্যসচিব ও সিনিয়র আইএএস কর্মকর্তা। প্রশাসনিক ও লজিস্টিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দায়িত্বে থাকবেন।
এই টাস্কফোর্সের মূল কাজ হবে
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-সহ দেশের বিভিন্ন পরীক্ষা পরিচালনাকারী সংস্থার কাজের পদ্ধতি পর্যালোচনা করা। প্রশ্নপত্র তৈরি, ছাপানো, নিরাপদে সংরক্ষণ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া, পরীক্ষার্থীদের পরিচয় যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং ফল প্রকাশ প্রতিটি ধাপে কীভাবে আরও স্বচ্ছতা ও নিরাপত্তা আনা যায়, সেই বিষয়ে সুপারিশ করবে এই কমিটি।
সরকারের আশা, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে প্রশ্নফাঁসের মতো ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের কোটি কোটি পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে পরীক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে আস্থা ফিরবে। কেন্দ্রের দাবি, এবার লক্ষ্য একটাই দেশের প্রতিটি সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ এবং নির্ভরযোগ্য।


