নয়াদিল্লি: দিনের পর দিন ঘর ছেড়ে যন্তর মন্তরে কাটছে আন্দোলনকারী (NEET protest) পড়ুয়াদের জীবন। কেউ রাস্তাতেই রাত কাটাচ্ছেন, কেউ আবার পালা করে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু আন্দোলন থামছে না। আর এই দীর্ঘ লড়াইয়ে তাঁদের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে অচেনা বহু মানুষের সাহায্যের হাত। খাবার, পানীয় জল, ওষুধ থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার সামগ্রী, সবই পৌঁছে যাচ্ছে আন্দোলনস্থলে।
যন্তর মন্তরে আন্দোলনের (NEET protest) এ এক অন্য ছবি। টানা ৩৫ দিন ধরে ঘরবাড়ি ছেড়ে মাটিতে রাত কাটানো ছাত্র যুবদের পাশে দাঁড়ানোর এক অভিনব ছবি ধরা পড়েছে যন্তর মন্তরে। স্বেচ্ছায় জলের বোতল-খাবার বিলির ছবি তো ধরা পড়েছে আগেই। এবার ফুড ডেলিভারি অ্যাপ ও কুইক কমার্স প্ল্যাটফর্মগুলিও যেন এই মানবিক উদ্যোগের অংশ হয়ে উঠেছে। যন্তর মন্তর এখন তাদের অ্যাপের একটি নির্দিষ্ট ডেলিভারি লোকেশন।
মাঝরাত হোক বা ভোররাত, পড়ুয়াদের (NEET protest) জন্য একের পর এক খাবার, বিস্কুট, ফল, ব্যান্ডেজ, ওআরএস, পানীয় জল পৌঁছে দিচ্ছেন ডেলিভারি পার্টনাররা। অনেক সাধারণ মানুষও নিজেরা উপস্থিত থাকতে না পারলেও অ্যাপের মাধ্যমে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের (NEET protest) পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু কারা করছে এই অর্ডার?
আন্দোলনরত ছাত্রদের তরিফে জানা যাচ্ছে, স্বেচ্ছায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যন্তর মন্তরের ঠিকানায় এসব পৌঁছে দিচ্ছেন মানুষজন। জানা গিয়েছে, ২০ জুলাইয়ের পর থেকে যন্তর মন্তর এলাকায় অর্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু খাবার নয়, প্রয়োজনীয় নিত্যসামগ্রীও নিয়মিত পৌঁছে যাচ্ছে আন্দোলনস্থলে। দীর্ঘ আন্দোলনের ক্লান্তির মধ্যেও এই ছোট ছোট সহায়তাগুলিই আন্দোলনকারী শিক্ষার্থীদের লড়াই (NEET protest) চালিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে।
সেইসঙ্গে অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আন্দোলনকারী পড়ুয়াদের নিখরচায় একাধিক অ্যাপ ক্যাব সংস্থা পরিষেবা দিচ্ছে। কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়! আন্দোলনে সরাসরি যোগ দিতে না পারলেও, দেশের যে কোনও প্রান্ত থেকে আন্দোলনরত পড়ুয়াদের এভাবে পাশে থাকা, আন্দোলনে সামিল হওয়ার থেকে কম কিছু নয়!


