Aaj lndia Desk,কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির ডাকে সাড়া দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) -এর বড় ছেলে স্বরূপ মিত্র (Swaroop Mitra)। বুধবার একই মামলায় হাজিরা দিয়েছিলেন ছোট ছেলে শুভরূপ মিত্র। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে পৌঁছন স্বরূপ। শুধু দুই ছেলে নন, মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করেছে ইডি। পাশাপাশি ২৯ জুলাই নিজে মদন মিত্রকেও হাজির হতে বলা হয়েছে।
তবে এদিন শুধু তদন্ত নয়, স্বরূপ মিত্রের উপস্থিতিও আলাদা করে নজর কেড়েছে। কালো রঙের টয়োটা গাড়ির গায়ে লাল রঙের ব্যাটম্যান স্টিকার। দু’হাতজুড়ে ট্যাটু, শার্টের কলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গলার উল্কিও। দু’কানে তিনটি দুল, প্রায় সব আঙুলেই পাথর বসানো আংটি, পরিচ্ছন্ন গোঁফ সব মিলিয়ে ইডি দপ্তরের বাইরে ক্যামেরার ফোকাস ছিল তাঁর দিকেই। অপেক্ষার সময় তাঁকে মুখে কিছু চিবোতেও দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরূপ জানান, ইডি তাঁর কাছে কয়েকটি ব্যাঙ্ক সংক্রান্ত নথি চেয়েছিল। সেই নথিই জমা দিতে এসেছেন। তাঁর দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও হিসাববহির্ভূত বা বেআইনি লেনদেন হয়নি।
ইডির তদন্তের কেন্দ্রে রয়েছে কামারহাটি ও টিটাগড় পুরসভার নিয়োগ প্রক্রিয়া। তদন্তকারীদের হাতে এমন তথ্য এসেছে বলে দাবি, যেখানে সুপারিশের মাধ্যমে প্রায় ১২৫ জনের নিয়োগ হয়েছে। সেই সুপারিশের সঙ্গে মদন মিত্রের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কে সুপারিশ করেছিলেন, কেন করেছিলেন এবং এর বিনিময়ে টাকা বা অন্য কোনও সুবিধা লেনদেন হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নির্দিষ্ট সময়ের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা সেই আর্থিক নথি মিলিয়ে দেখছেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথির সূত্র ধরেই একাধিক পুরসভায় নিয়োগে অনিয়মের সম্ভাবনা সামনে আসে। এরপর ইডি পৃথক ইসিআইআর (ECIR) দায়ের করে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে। এখন সেই তদন্তের জেরেই একে একে মদন মিত্রের পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ২৯ জুলাই মদন মিত্রের হাজিরার দিকে এখন নজর সবার।


