26.7 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

৩.২৮ কোটি টাকার রাস্তা তিন মাসেই বেহাল! সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ স্থানীয়দের!

Aaj India Desk, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের বিনপুরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা (Binpur Road) নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, ৩ কোটি ২৮ লক্ষ টাকার বেশি ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদার সংস্থা এলাকা ছেড়ে চলে গিয়েছে। বর্ষার শুরুতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু।

বোর্ডে কাজ শেষ, বাস্তবে অসম্পূর্ণ রাস্তা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনপুর ২ ব্লকের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার (Binpur Road) সংস্কারের দায়িত্ব ছিল ‘মাইতি কনস্ট্রাকশন’-এর উপর। রাস্তার ধারে থাকা প্রকল্পের বোর্ডে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের এপ্রিলে কাজ শুরু হয়ে ২০২৬ সালের ১ এপ্রিল তা শেষ হয়েছে। প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাস্তবে রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। নবনির্মিত রাস্তার বহু অংশে এখনও পিচের আস্তরণ পড়েনি বলেও তাঁদের দাবি।

বর্ষাতেই বিচ্ছিন্ন যোগাযোগ

বাসিন্দাদের অভিযোগ, বর্ষা শুরু হতে অল্প বৃষ্টিতেই রাস্তার উপর থাকা দুটি কজওয়ের উপর জল উঠে যায়। ফলে এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাঁদের দাবি, বর্ষা আরও বাড়ার আগে দ্রুত রাস্তা সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক। এই বিষয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সহযোগিতা মেলেনি বলেও জানিয়েছেন স্থানীয়রা।

রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েও প্রশ্ন

প্রকল্পের বোর্ডে উল্লেখ রয়েছে, আগামী পাঁচ বছর রাস্তার (Binpur Road) রক্ষণাবেক্ষণের দায়িত্বও ঠিকাদার সংস্থার। এই খাতে প্রায় ৪০ লক্ষ ৪১ হাজার টাকা বরাদ্দ রয়েছে বলে বোর্ডে লেখা আছে। সেই দাবি সামনে এনে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে, তবে অভিযোগের পরেও কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এলাকার কিছু বাসিন্দা সরকারি অর্থের অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদার সংস্থা চলে গিয়েছে।

এদিকে, এই রাস্তা ব্যবহার করেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চিন্ময় মাহাতোও। তাঁর বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন বাসিন্দা। তবে এই অভিযোগের বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু বলেন, “গত ১৫ বছর ধরে যা তৈরি হয়েছে, সবেতেই গলদ ও অসম্পূর্ণতা রয়েছে। সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে এগুলো তৈরি করা হবে।” তিনি স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন