স্নেহা পাল, কলকাতা: দীর্ঘদিন ধরেই বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) জেলার বাসিন্দারা রেলপথের দাবিতে আন্দোলন করছিলেন। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষের সেই দাবি পূরণের লক্ষ্যে বড় পদক্ষেপ নিচ্ছে রেলমন্ত্রক।
গতকাল রেলমন্ত্রকের পক্ষ থেকে পাঠানো একটি সরকারি চিঠিতে জানানো হয়েছে, প্রস্তাবিত বাঁকুড়া (কালাবতী) (Bankura) ,পুরুলিয়া (Purulia) হয়ে হুড়া (Hura) রুটে নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু করার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পে আনুষ্ঠানিক ছাড়পত্র দিয়েছেন। ওই চিঠি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে পাঠিয়ে এর সরকারি স্বীকৃতি নিশ্চিত করা হয়েছে।
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (DCM) বিকাশ কুমার (Bikash Kumar) জানান, “বাঁকুড়া (কালাবতী) (Bankura), পুরুলিয়া (Purulia) হয়ে হুড়া (Hura) পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সরকারি অনুমোদন পাওয়া পুরুলিয়া আর বাঁকুড়া জেলাবাসীর জন্য অত্যন্ত সুখবর।”
এই অনুমোদনের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নতুন রেলপথ চালু হলে যাত্রী পরিবহণের পাশাপাশি কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহণে সুবিধা হবে বলে মত সাধারণ মানুষের। কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে। একই সাথে নতুন রেললাইন চালু হলে পুরুলিয়া (Purulia) ও বাঁকুড়া (Bankura) জেলার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার রেল যোগাযোগও আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।


