Aaj India Desk,কলকাতা: কলকাতা শহরে পুর-পরিষেবা (KMC) নিয়ে অভিযোগ থাকলেও অনেক সময় তা সঠিক জায়গায় পৌঁছয় না। কারও সমস্যা জল জমা, কারও রাস্তা ভাঙা, আবার কোথাও বেআইনি নির্মাণ বা নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ। এবার সেই সমস্যার কথা সরাসরি রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-কে জানানোর সুযোগ পেলেন শহরবাসী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার, ৭ জুলাই থেকে শুরু হল নতুন উদ্যোগ ‘মুখোমুখি’।
কলকাতা পুরসভায় পুরবোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে(Smita Pandey)। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা আরও সহজ ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতেই চালু হয়েছে এই বিশেষ কর্মসূচি। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে ফোন করলেই নাগরিকরা নিজেদের অভিযোগ, পরামর্শ বা সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন।
এক নজরে ‘মুখোমুখি’
– কবে থেকে শুরু? ৭ জুলাই থেকে
– টোল-ফ্রি নম্বর: 18002035123
– সময়: বিকেল ৩টা থেকে বিকেল ৪টা
– কারা ফোন করতে পারবেন? কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা
– কারা থাকবেন? পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা
শুধু অভিযোগ শোনাই নয়, সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকরাও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। ফলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশা প্রশাসনের।
এতেই শেষ নয়। শহরের দৈনন্দিন পুর-পরিষেবা আরও উন্নত করতে দফতরের পক্ষ থেকে আরও একটি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবায় ফোন করে নাগরিকরা বিভিন্ন সমস্যা জানাতে পারবেন।
কোন কোন সমস্যার অভিযোগ জানাতে পারবেন?
– জল জমে থাকা
– ডেঙ্গি বা মশার উপদ্রব
– রাস্তা খারাপ বা গর্ত
– নিকাশি সংক্রান্ত সমস্যা
– বেআইনি বহুতল বা বাড়ি নির্মাণ
– অন্যান্য পুর-পরিষেবা সংক্রান্ত অভিযোগ
রাজ্য সরকারের দাবি, পুরবোর্ড না থাকলেও নাগরিক পরিষেবায় যাতে কোনও ভাটা না পড়ে এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি হয়, সেই লক্ষ্যেই এই জোড়া হেল্পলাইন চালু করা হয়েছে। ফলে এখন শহরবাসী অনেক সহজেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যার সমাধানের দাবি জানাতে পারবেন।


