Aaj lndia Desk,কলকাতা: সোমবার, ৬ জুলাই ব্যাঙ্কে কোনও জরুরি কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নেওয়াই ভালো। কারণ এদিন দেশের সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রকাশিত হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং মিজোরামে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। অন্য সব রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে।
পশ্চিমবঙ্গে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্কের শাখায় ছুটি ঘোষণা করা হয়েছে। একই দিনে মিজোরামে পালিত হবে ‘এমএইচআইপি ডে’ (MHIP Day)। সেই উপলক্ষেও রাজ্যের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, নয়ডা, লখনউ, পাটনা, উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র-সহ দেশের অধিকাংশ রাজ্যে সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে। ফলে ওই সব জায়গার গ্রাহকরা স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের কাজ করতে পারবেন।
জুলাই ২০২৬-এ ব্যাঙ্ক ছুটির তালিকা
- ৬ জুলাই (সোমবার): ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী (পশ্চিমবঙ্গ) ও MHIP Day (মিজোরাম)
- ৯ জুলাই (বৃহস্পতিবার): বেহদেইনখলাম উৎসব (মেঘালয়)
- ১১ জুলাই (শনিবার): দ্বিতীয় শনিবার (সারা দেশ)
- ১২ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারা দেশ)
- ১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা, কাং ও হারেলা (ওড়িশা, উত্তরাখণ্ড ও মণিপুর)
- ১৭ জুলাই (শুক্রবার): ইউ তিরোট সিং-এর মৃত্যুবার্ষিকী (মেঘালয়)
- ১৮ জুলাই (শনিবার): দ্রুকপা শে-জি (সিকিম)
- ১৯ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারা দেশ)
- ২২ জুলাই (বুধবার): খার্চী পুজো (ত্রিপুরা)
- ২৫ জুলাই (শনিবার): চতুর্থ শনিবার (সারা দেশ)
- ২৬ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারা দেশ)
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবায় কোনও সমস্যা হবে না। UPI, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। তবে চেক জমা, লকার ব্যবহার, ডিমান্ড ড্রাফট বা শাখায় গিয়ে করতে হয় এমন কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে, ছুটির দিন মাথায় রেখেই পরিকল্পনা করা উচিত।


