Aaj India Desk, কলকাতা : দীর্ঘদিন ধরে আটকে থাকা পশ্চিমবঙ্গের সরকারি পেনশনভোগীদের এরিয়ার (বকেয়া) (Pending Pension Arrears) পরিশোধের প্রক্রিয়া শুরু করতে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে বকেয়া থাকা পেনশন এরিয়ারের ৫০ শতাংশ অর্থ প্রাথমিক হিসাবের ভিত্তিতে চলতি মাসেই সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি, আগামী ১ অক্টোবর মাস থেকেই সরকারি কর্মী, পেনশনভোগী এবং অন্যান্য যোগ্য কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ও ডিয়ারনেস রিলিফ (DR) ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার সিদ্ধান্তও কার্যকর হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেন আটকে ছিল পেনশনের এরিয়ার?
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ব্যাঙ্কিং ব্যবস্থার তথ্যপ্রযুক্তিগত আধুনিকীকরণ ও কম্পিউটারাইজেশনের সময় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ২০০৮ থেকে ২০১৫ সালের পেনশন এরিয়ার (Pending Pension Arrears) পরিশোধের প্রক্রিয়া থমকে যায়। ফলে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ পাননি।
প্রশাসনের সঙ্গে কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিক আনুমানিক হিসাব অনুযায়ী বকেয়া এরিয়ারের (Pending Pension Arrears) ৫০ শতাংশ অর্থ চলতি মাসেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অবশিষ্ট ৫০ শতাংশ অর্থ সম্পূর্ণ অডিট ও হিসাব যাচাইয়ের পর ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কারা এই সুবিধার আওতায় থাকবেন?
যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারী এবং কলকাতা কর্পোরেশন এলাকার ব্যাঙ্কের মাধ্যমে পেনশনপ্রাপ্ত বহু অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ না পাওয়ার সমস্যার সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
পেনশন এরিয়ার পরিশোধের পাশাপাশি রাজ্য সরকার মহার্ঘ ভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্তও কার্যকর করতে চলেছে। রাজ্য বাজেটে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ ও ডিআর পাওয়া সরকারি, আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ বৃদ্ধি অনুমোদিত হয়েছে। ফলে মোট ডিএ ও ডিআরের হার বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের একটি বড় অংশ এখনও পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান। এই প্রেক্ষাপটে ডিএ ও ডিআর ৩৮ শতাংশে উন্নীত হওয়ার ফলে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ব্যবধান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমবে বলে প্রশাসনিক মহলের ধারণা।


