কলকাতা: রাজ্যে নারী নিরাপত্তা (Women Helpline Number) ও সাইবার অপরাধ মোকাবিলায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে পুলিশ প্রশাসনের আধুনিকীকরণ, নারী সুরক্ষা এবং সাইবার অপরাধ রোধে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আরজি কর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী দুর্গা স্কোয়াড-এর উদ্বোধনের পাশাপাশি মহিলাদের জন্য নতুন টোল-ফ্রি হেল্পলাইন (Women Helpline Number) পরিষেবার সূচনা করেন। পুজোর আগেই রাজ্যের প্রতিটি থানায় একটি করে বিশেষ পুলিশ গাড়ি দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে ১১২ নম্বরে ফোন করলেই ওই গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাহায্য করবে। সরকারের দাবি, কোনও মহিলা গভীর রাতেও বিপদে পড়লে এই নম্বরে ফোন করে দ্রুত পুলিশের সাহায্য চাইতে পারবেন। পাশাপাশি নারী নির্যাতন বা অন্য কোনও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগও এই হেল্পলাইনের মাধ্যমে জানানো যাবে।
একইসঙ্গে রাজ্যের প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্ক চালু করা হয়েছে। সাইবার জালিয়াতির শিকার হলে সাধারণ মানুষ ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সাইবার প্রতারণা মহামারীর আকার নিয়েছে। তাই দ্রুত অভিযোগ গ্রহণ এবং নির্দিষ্ট ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, সাইবার অপরাধ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর অপরাধ রুখতে পুলিশকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার দিকেও জোর দিচ্ছে সরকার। নতুন হেল্পডেস্ক চালুর ফলে সাইবার জালিয়াতির অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলেই আশা প্রশাসনের।


