Aaj lndia Desk,কলকাতা: সপ্তাহের শেষে ইএম বাইপাস ধরে সল্টলেক, নিউটাউন বা বিমানবন্দরের দিকে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে এই খবরটা জেনে নিন। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্য জুন ও জুলাই মাসে মোট ১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার।এই নিয়ে ইতিমধ্যেই বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর,প্রথম দফায় ২৬ জুন শুক্রবার রাত ৮টা থেকে ২৯ জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার পুরোপুরি বন্ধ থাকবে।
এরপর ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফের বন্ধ থাকবে এই উড়ালপুল। এই সময় কোনও গাড়িকেই ফ্লাইওভার দিয়ে যেতে দেওয়া হবে না।
কেন এই সিদ্ধান্ত?
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ এখন শেষ পর্যায়ে। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর তত্ত্বাবধানে সুকান্ত নগরের কাছে বিশ্ব বাংলা সরণিতে মেট্রো পিলারের উপর বিশাল গার্ডার বসানোর কাজ হবে। এই গার্ডার বসানোর পর গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে মূল মেট্রো করিডোরের সংযোগ তৈরি হবে। ভারী গার্ডার বসানোর সময় নিরাপত্তার কথা মাথায় রেখেই ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাহলে গাড়ি যাবে কোন পথে?
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, সেক্টর ফাইভমুখী গাড়িগুলিকে চিংড়িঘাটা মোড় পেরিয়ে জলবায়ু বিহারের কাছে ইউ-টার্ন নিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। এছাড়া ইএম বাইপাস, সল্টলেক, নিউটাউন ও বিমানবন্দরমুখী যাত্রীদের কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
মেট্রোর এই কাজ শেষ হলে পূর্ব কলকাতার যাতায়াত আরও সহজ হবে। তবে আপাতত কয়েক দিনের জন্য ভোগান্তি এড়াতে আগে থেকেই রুট পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।


