Aaj India Desk, নয়াদিল্লি: বছরের নিট প্রশ্নফাঁসের (NEET Scam) ঘটনায় দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর এনটিএ (NTA) এবং মোদী সরকারের (Modi Govt.) উপর অনেকের আস্থা কমে যায়। তাই এবারের পরীক্ষা শুধু লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের জন্যই নয়, পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, রবিবার দেশজুড়ে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পরীক্ষায় (NEET Re-Exam) বসছেন।
কড়া নিরাপত্তায় পরীক্ষা
দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পেয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। কোনও ধরনের অনিয়ম রুখতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় কী কী থাকছে?
• প্রশ্নপত্র নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনার সাহায্য নেওয়া হয়েছে।
• দেশের ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্রের ৯৫ হাজারের বেশি ঘরে বসানো হয়েছে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০ টি সিসিটিভি ক্যামেরা।
• প্রযুক্তিগত জালিয়াতি ঠেকাতে থাকছে ৫১ হাজারেরও বেশি ইলেকট্রনিক জ্যামার।
• ভুয়ো পরীক্ষার্থী আটকাতে কড়া বায়োমেট্রিক যাচাই, ফেস অথেনটিকেশন ও তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। এই কাজে থাকছেন প্রায় ৩৯ হাজার কর্মী।
• শনিবার দেশজুড়ে মক ড্রিল চালিয়ে পুরো নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখা হয়েছে।
• প্রতিটি পরীক্ষাকেন্দ্রে গড়ে ৪০ থেকে ৫০ জন পুলিশ ও আধাসেনা মোতায়েন রয়েছে।
পরীক্ষাকেন্দ্র নিয়ে বিভ্রান্তি
পরীক্ষার আগের দিন নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ভুলবশত আবু ধাবির পরীক্ষাকেন্দ্র দেখানো হয়েছিল। পরে এনটিএ জানায়, ওই পরীক্ষার্থীর লগইন আইডি থেকেই কেন্দ্র বদলের আবেদন করা হয়েছিল। তবে ওই পরীক্ষার্থী ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বিষয়টি দ্রুত সংশোধন করে তাকে নাগপুরেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক চাপানউতোর
এদিকে প্রশ্নফাঁসের ঘটনার জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভ চলছে। অন্যদিকে, রাহুল গান্ধী পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মোদী সরকারের কাছে আবেদন করেছেন, “এবার যেন কোনও ধরনের গাফিলতি না হয়। ছাত্রছাত্রীরা আগেই মানসিক চাপে রয়েছে, তাই নতুন করে কোনও সমস্যার মুখে যেন তাদের না পড়তে হয়।”
এনটিএ-র নির্দেশ
এনটিএ জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কাউকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি, কোনও গুজবে কান না দেওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি।


