36.8 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

জাহাঙ্গিরের স্ত্রীর পক্ষে দাঁড়ালেন না কোন আইনজীবী! শেষমেষ কী নির্দেশ দিল আদালত?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খান (Jahangir Khan) গ্রেফতার হওয়ার পর এবার পুলিশের জালে ধরা পড়লেন তাঁর স্ত্রী রেজিনা বিবি (Regina Bibi), ওরফে সারিকা। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জুলপিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অভিযোগ, জাহাঙ্গিরকে গ্রেফতার করার সময় তিনি পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা ছেড়ে গাড়িতে করে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন রেজিনা।

গ্রেফতারের পর নিরাপত্তার কারণে প্রথমে তাঁকে উস্তি থানায় নিয়ে যাওয়া হয়। পরে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হলে বিচারক আরিফ আহমেদ তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে তাঁর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। বিচারকের প্রশ্নের জবাবে রেজিনা জানান, তাঁর কোনও আইনজীবী নেই। এরপর সরকারি লিগ্যাল এইডের একজন আইনজীবী তাঁর হয়ে সওয়াল করেন। তবে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের পাশাপাশি বেআইনি জমায়েত, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ষড়যন্ত্র, পুলিশি হেফাজত থেকে জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের গাড়িতে হামলার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, কয়েকদিন আগে ফলতার শতলকলসা এলাকায় জাহাঙ্গিরকে ছাড়ানোর উদ্দেশ্যে যে বেআইনি জমায়েত হয়েছিল, সেখানে রেজিনার সক্রিয় ভূমিকা ছিল।

রেজিনার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ফলতা এলাকার অনেক বাসিন্দা স্বস্তি প্রকাশ করেন। তাঁদের অনেকেরই বক্তব্য, ‘পাপের শাস্তি শেষ পর্যন্ত হয়েছে’। এদিকে, শনিবারই ছয় দিনের পুলিশ হেফাজত শেষে জাহাঙ্গির খানকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। পুলিশ জানিয়েছে, একুশের ভোট-পরবর্তী হিংসার মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আরও তিনটি পৃথক মামলার তদন্ত চলছে। প্রয়োজনে জেল হেফাজতে থাকাকালীন সেই মামলাগুলিতেও তাঁকে গ্রেফতার দেখিয়ে ফের আদালতে পেশ করা হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন