Aaj lndia Desk,হুগলি: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চর্চায় ছিল মাছ রাজনীতি। ভোটের পর বদলেছে চর্চার বিষয় এখন ‘ডিম’। কখনও রাজনৈতিক মিছিলে ডিম ছোড়ার ঘটনা, কখনও আবার আদালত চত্বরেও সেই ছবি দেখা গেছে। তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও একাধিকবার সামনে এসেছে।
এই ডিমের চর্চার মাঝেই এবার একেবারে অন্য চমক দেখা গেল মিষ্টির দুনিয়ায়। হুগলির রিষড়ার একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান তৈরি করেছে এক নতুন ধরনের সন্দেশ যা দেখতে একেবারে ডিমের মতো। তবে এটি কোনো আসল ডিম নয়, বরং মিষ্টি।
জামাইষষ্ঠীকে কেন্দ্র করে প্রতি বছরই এই দোকানে নতুন নতুন মিষ্টি তৈরি হয়। এবার তাদের বিশেষ আকর্ষণ ‘ডিম সন্দেশ’। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি ডিম নাকি মিষ্টি। ভেতরে রয়েছে আম ও ক্ষীর দিয়ে তৈরি হলুদ রঙের কুসুম, যা একেবারে ডিমের মতো দেখতে। এই নতুন মিষ্টি ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে এবং বিক্রি হচ্ছে খুব দ্রুত।
দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডিম জামাই খাতিরের জন্য এই ‘ডিম সন্দেশ’-এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটি শুধুই জামাইষষ্ঠীর জন্য। তবে রাজ্যে যখন ডিম নিয়ে নানা আলোচনা চলছে, তখন এই মিষ্টি আরও বেশি নজর কাড়ছে মানুষের।
সব মিলিয়ে বলা যায়, রাজনীতির মাঠ থেকে এবার ডিম ঢুকে পড়েছে মিষ্টির দোকানেও তবে এই ডিম মারার জন্য নয়, বরং খাওয়ার জন্য।


