39.3 C
Kolkata
Friday, June 19, 2026
spot_img

সাফাই অভিযানে AI এর ছাপ! প্রশ্নের মুখে পুরসভা!

Aaj India Desk, কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন কলকাতা সফর এবং আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতিকে সামনে রেখে শহরকে পরিচ্ছন্ন করে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই লক্ষ্যেই ‘স্বচ্ছতা সে স্বাগত’ (Swachh Bangla Project) কর্মসূচির আওতায় হাওড়া-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিশেষ সাফাই অভিযান। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে বলে দাবি করা হচ্ছে পুরসভার তরফে। সেই কাজের অগ্রগতি তুলে ধরতে হাওড়া ও কলকাতা পুরসভার সরকারি ফেসবুক পেজে একাধিক ছবিও পোস্ট করা হয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত বেশ কিছু ছবিতে এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি’-র মতো একটি ওয়াটারমার্ক বা লোগো দেখা যাওয়ায় অভিযানের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্বচ্ছ বাংলা অভিযানের (Swachh Bangla Project) প্রমাণস্বরূপ হাওড়া পুরসভার ফেসবুক পেজে পোস্ট করা বেশ কয়েকটি কোলাজ ছবিতে নোংরা নিকাশি নালা, নদী খাল এবং সেইগুলি পরিষ্কারের পরের পরিস্থিতি দেখানো হয়েছে। ছবিগুলির ডানদিকের নিচের অংশে একটি তারকা-আকৃতির চিহ্ন দেখা যাচ্ছে, যা গুগলের জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম ‘Gemini’-র লোগোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে কলকাতা পুরসভার পেজে পোস্ট করা একই ধরনের একটি ছবিতে দেখা গিয়েছে একটি ঘাট পরিষ্কারের আগের ও পরের দৃশ্য। তবে সেই ছবি দুটিতে দৃশ্যমান সময় অনুযায়ী সেই বিশাল ঘাট পরিষ্কার করতে সময় লেগেছে মাত্র ৯ মিনিট।

এরপরই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, ছবিগুলি সত্যি পরিষ্কার অভিযানের নথি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ছবি। একাংশের মতে, এই ছবিগুলি ব্যবহার করে কেবল বোকা বানানো হচ্ছে সাধারণ মানুষদের।

ডিজিটাল যুগে সরকারি তথ্য ও ছবির বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিতর্ক এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ছবির উৎস এবং সম্পাদনার বিষয়টি স্পষ্ট করার দাবি উঠছে নেটিজেনদের মধ্যে। যদিও সাধারণ মানুষের বারবার প্রশ্ন করা সত্ত্বেও হাওড়া পুরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ওই চিহ্ন এবং সময়ের হিসাব সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন