Aaj lndia Desk,কলকাতা: কলকাতার ১৫৩ বছরের পুরোনো ট্রাম পরিষেবাকে নতুনভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দূষণহীন এই ঐতিহ্যবাহী গণপরিবহনকে বন্ধ না করে আধুনিক রূপে মানুষের কাছে ফের জনপ্রিয় করে তোলাই সরকারের লক্ষ্য।
রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং(Arjun Singh) জানিয়েছেন, ট্রাম পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। বরং এখন যে দুটি রুটে ট্রাম চলছে, তার বাইরে আরও কোন কোন রুটে ট্রাম চালানো যায়, তা খতিয়ে দেখা হবে।
বর্তমানে কলকাতায় ধর্মতলা-শ্যামবাজার এবং ধর্মতলা-গড়িয়াহাট রুটে সীমিত সংখ্যক ট্রাম চলাচল করছে। এবার ধর্মতলা থেকে খিদিরপুর রুটেও আবার ট্রাম চালুর কথা ভাবছে সরকার। ময়দানের সবুজ মাঠের পাশ দিয়ে যাওয়া এই রুটটি কলকাতার অন্যতম আকর্ষণ।
পরিবহন দফতর সূত্রে খবর, শহরের বেশিরভাগ পুরোনো ট্রাম দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খারাপ হয়ে গিয়েছে। সেগুলি মেরামত করতে অনেক খরচ হওয়ায় বিদেশ থেকে আধুনিক ও হালকা ট্রাম আনার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই (অস্ট্রেলিয়া) Australia থেকে নতুন ট্রাম আনার প্রস্তাব এসেছে বলে জানা গিয়েছে।
সরকারের দাবি, আগের সরকারের সময় ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে ট্রাম পরিষেবা ধীরে ধীরে বন্ধ হওয়ার মুখে পৌঁছে গিয়েছিল। তবে বর্তমান সরকার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর।
এশিয়ার সবচেয়ে পুরোনো ট্রাম নেটওয়ার্ককে নতুন করে গড়ে তোলার এই উদ্যোগে খুশি ট্রামপ্রেমীরা। তাঁদের আশা, আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ট্রাম আবারও কলকাতার রাস্তায় নিজের পুরোনো জায়গা ফিরে পাবে।


