Aaj India Desk, দার্জিলিং: রাজ্যে সরকার পরিবর্তনের পর উত্তরবঙ্গের (North Bengal) উন্নয়নকে (Development) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে একের পর এক নতুন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। কার্শিয়ঙে (Kurseong) দুটি সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উত্তরবঙ্গের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, “পাহাড় বাংলার গর্ব এবং দেশের সম্পদ। তাই পাহাড়ের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে।” তাঁর দাবি, “কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য ইতিমধ্যেই একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে।”
এদিন অন্নপূর্ণা যোজনার বিষয়েও আশ্বাস দেন শুভেন্দু। তিনি পাহাড়ের মহিলাদের এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া শেষ হলেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পাশাপাশি তিনি জানান, পাহাড়ের প্রত্যেক বাড়িতে গিয়ে স্থানীয় ভাষায় ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে, যাতে কেউ সুবিধা থেকে বঞ্চিত না হন।
মুখ্যমন্ত্রী আরও জানান, গত ৩ জুন প্রায় ২৮ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যেই ১ কোটি ৩ লক্ষের বেশি অ্যাকাউন্টের যাচাই সম্পন্ন হয়েছে। যাঁদের কাজ এখনও বাকি রয়েছে, তাঁদের নাম দ্রুত অন্তর্ভুক্ত করতে বিধায়কদের এলাকায় এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী ১ জুলাই থেকে রাজ্যে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হবে। বক্তব্যের শেষে তিনি বলেন, সরকার যা প্রতিশ্রুতি দেবে, তা বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। মানুষের কাছে দেওয়া প্রতিটি কথা রক্ষা করার আশ্বাসও দেন তিনি।


