Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বৈঠকের পর নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বৈঠকের পর ঋতব্রত দাবি করেন, ‘বিদ্রোহী’ শিবিরে আরও একজন বিধায়ক যোগ দিয়েছেন এবং তাঁদের সমর্থনকারী বিধায়কের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে। তবে এই নতুন বিধায়ক কে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেওয়ার পর বিধানসভায় যান ফিরহাদ হাকিম। তাঁর গাড়ির পিছনেই পৌঁছয় বিদ্রোহী তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার গাড়ি।বিধানসভায় প্রবেশের পর ফিরহাদ হাকিমের সঙ্গে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কথাবার্তাও হয়। এরপর সন্দীপন সাহাকে সঙ্গে নিয়ে তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) কক্ষে যান।
ওই বৈঠকে সন্দীপন সাহা ছাড়াও বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, “আজ আরও একজন বিধায়ক স্বাক্ষর করেছেন। আজ সংখ্যা ৬৫। তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন।” একইসঙ্গে তিনি জানান, ফিরহাদ হাকিমও এদিন তাঁদের বৈঠকে উপস্থিত ছিলেন। তবে নতুন স্বাক্ষরকারী বিধায়কের পরিচয় নিয়ে মুখ খোলেননি তিনি।
বিধানসভায় বিরোধী শিবিরের ‘প্রকৃত মালিকানা’ নিয়ে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রথমে ৫৮ জন বিধায়কের সমর্থনের দাবি করা হয়েছিল। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যা বেড়ে ৬৪ হওয়ার কথা জানান। সোমবার তিনি দাবি করেন, আরও একজন বিধায়ক তাঁকে সমর্থন জানানোয় সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে।
ফিরহাদ হাকিমের বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক এবং তার পরপরই বিধায়কের সংখ্যা বৃদ্ধির দাবি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে নতুন করে সমর্থন জানানো বিধায়ক কে এবং এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য কী, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। ফলে আগামী দিনে বিধানসভার অঙ্ক কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


