Aaj India Desk, কলকাতা : একটি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) হিসেবে পথচলা শুরু। নির্বাচনী রাজনীতিতে কার্যত কোনও উল্লেখযোগ্য উপস্থিতিও নেই। শেষ অডিট রিপোর্ট অনুযায়ী দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৭৫ টাকা। সেই ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI) আজ রাজ্যের রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে।
NCPI এর সূচনা হয়েছিল ২০১৯ সালে। পরে দলটি নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনটি আসনে প্রার্থী দিয়েছিল দলটি। তবে কোনও আসনেই সাফল্য আসেনি। অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। দলীয় সূত্রে জানা যায়, ত্রিপুরা নির্বাচনে মূল লক্ষ্য ছিল ভোটে জয় নয়, বরং নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল হিসেবে অবস্থান সুদৃঢ় করা। সেই লক্ষ্যেই কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। সেই নির্বাচনে দলের প্রধান প্রতিপক্ষ ছিল তৃনমূল কংগ্রেস এবং নির্বাচনী প্রচারের প্রধান বিষয় ছিল দলবদল। রাজনৈতিক স্বার্থে দলবদল করা নেতাদের প্রার্থী করার চূড়ান্ত বিরোধিতা করেছিল দলটি। ভাগ্যের ফেরে আজ সেই দলেই তৃনমূল কংগ্রেসের দলবদল করা নেতাদের ভিড়।
তবে, এই কর্মকাণ্ডে বিশেষ ক্ষুব্ধ এনসিপিআইয়ের সভাপতি শান্তনু দে। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে থাকেন। একসময় তিনি ত্রিপুরাতেও বসবাস করেছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি নিজেও কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সোমবার যথেষ্ট বিরক্তি নিয়েই শান্তনু দে জানান, “আমি বিজেপির সমর্থক। দেশের জন্য যা প্রয়োজন, তা-ই করব। কিন্তু তৃনমূলের সাংসদরা আমাদের দলে যুক্ত হবে একথা আমায় জানানো হয়নি।”
প্রাক্তন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে ২০ জন সাংসদের সমর্থন এনসিপিআইয়ের দিকে আসায়, দীর্ঘদিন ধরে প্রায় অচর্চিত এই দল হঠাৎ করেই জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এসেছে। এমনকি বর্তমানে পার্লামেন্টে যে সকল রাজনৈতিক দলের সাংসদ রয়েছেন তাদের মধ্যে প্রথম পাঁচে উঠে এসেছে এই দলটি। তবে দলটি ঘোষিত ভাবে RSS এবং বিজেপি সমর্থক হওয়ায় কেন্দ্র সরকার যদি ফের কোনো সংবিধান সংশোধনী বিল পাস করতে চায়, তবে সেক্ষেত্রে NCPI এর সমর্থন মিলবে। ফলে বিজেপির পক্ষে পার্লামেন্টের দুই তৃতীয়াংশের সমর্থন লাভ করার সুযোগ রয়েছে। তবে এই সম্ভাব্য সমীকরণ বাস্তবে কতটা কার্যকর হয় এবং NCPI আগামী দিনে কোন রাজনৈতিক অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।


