নয়াদিল্লি: রাজধানীতে চড়ছে উত্তেজনার পারদ। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবের সঙ্গে রবিবাসরীয় বৈঠকে বসেছেন বিদ্রোহী সাংসদরা (Rebel TMC MP)। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দোপাধ্যায়, জগদীশ বসুনিয়া, পার্থ ভৌমিক, জুন মালিয়া ও মিতালি বাগ। তবে জানা যাচ্ছে, বৈঠকের পর আজই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যেতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা (Rebel TMC MP) ।
উল্লেখ্য, লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের একাংশের বিদ্রোহ ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে চরম জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে প্রায় ২০ জন বিদ্রোহী শিবিরের সঙ্গে রয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, এই সংখ্যা আরও বেড়ে ২২-এ পৌঁছতে পারে। বিদ্রোহী সাংসদদের (Rebel TMC MP) অভিযোগ, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে রাজি নন।
জানা গিয়েছে, রবিবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের পর বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন। সেখানে তাঁরা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে লোকসভায় পৃথক আসন বরাদ্দের আবেদন জানাতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে এনডিএ সরকারকে সমর্থনের বিষয়েও অবস্থান স্পষ্ট করার সম্ভাবনা রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, পূর্ব নির্ধারিত উত্তরপ্রদেশ সফর বাতিল করে স্পিকার এদিন দিল্লির বাসভবনেই রয়েছেন। ফলে বিদ্রোহী সাংসদদের (Rebel TMC MP) সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন দিল্লির এই বৈঠকের দিকেই, কারণ এর ফলেই তৃণমূলের ভবিষ্যৎ সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে।


