Aaj India Desk, হুগলি: রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর তৃণমূল (TMC)-এর অন্দরে ভাঙনের জল্পনা আরও জোরালো হয়েছে। এই আবহে হুগলি (Hooghly)-এর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)-কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তিনি বর্তমান (বিজেপি) রাজ্য সরকারের এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হন রচনা। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কিছু পদক্ষেপ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে। ভোটের ফল প্রকাশের পর তাঁকে বিজেপি কর্মীদের সঙ্গে গেরুয়া আবির মেখে ছবি তুলতে দেখা গিয়েছিল। এরপর দিল্লিতে বিদ্রোহী সাংসদদের শিবিরে তাঁর নাম জড়ানো নিয়েও জল্পনা বাড়ে।
সূত্রের দাবি, সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী সুমনা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রচনা। সুমনা সরকারের বলাগড় বিধানসভা কেন্দ্র হুগলি লোকসভা এলাকার মধ্যেই রয়েছে। জানা গিয়েছে, রচনা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। তবে এই বিষয়ে সুমনা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের সিদ্ধান্তই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একজন সাংসদ সৌজন্যবশত যোগাযোগ করতেই পারেন, কিন্তু দলীয় নির্দেশ ছাড়া তিনি কোনও পদক্ষেপ করবেন না। দলের পক্ষ থেকে যদি কোনও বার্তা আসে, তখন অবশ্যই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
সুমনা আরও বলেন, তাঁর বিধানসভার কর্মী-সমর্থকেরা দীর্ঘদিন ধরে দলের জন্য লড়াই করেছেন। তাই তাঁদের মতামত ও অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে। তাঁর কথায়, অনেকেই যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কর্মীদের মতামত জানাটাও জরুরি। তিনি জানান, রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী তাঁর অফিসে ফোন করে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে শেষ সিদ্ধান্ত দলের কর্মীদের মতামত এবং দলীয় নির্দেশের ওপরই নির্ভর করবে। অন্যদিকে, এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি।


