Aaj India Desk, কলকাতা: গত ২ জুন রানি রাসমণি রোডে (Rashmoni Road) আয়োজিত এক সভা থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে নাম না করে করা মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ঘটনাকে ঘিরেই তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এক আইনজীবী এফআইআর (FIR) দায়ের করেছিলেন। এবার আরও একটি মন্তব্যকে ঘিরে নতুন করে আইনি জটিলতায় পড়লেন তিনি।
জানা গিয়েছে, ভোটের আগে চলতি বছরের শুরুতে ধর্মতলার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিরোধী মহল এবং বিভিন্ন নাগরিক সংগঠনের তরফে অভিযোগ ওঠে, একজন মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের মন্তব্য শোভনীয় নয় এবং তা উস্কানিমূলক বলেও সমালোচনা শুরু হয়।
এবার সেই বক্তব্যকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা নথিভুক্ত করেছে এবং তদন্তও শুরু হয়েছে। এই মামলায় তদন্তের স্বার্থে মমতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কি না, তা এখন দেখার। অন্যদিকে, ২ জুন রানি রাসমণি রোডের সভায় তাঁর করা মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। সেই বিষয়েও তৃণমূলের অস্বস্তি বাড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।


