Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর কাউন্সিলর স্বপন সমাদ্দার (Swapan Samaddar)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর হওয়া রাজনৈতিক হিংসা এবং তোলাবাজি (Extortion)-র অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক মহিলা স্বপন সমাদ্দারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই মামলা ২০২২ সালের একটি ঘটনার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। স্বপনের বিরুদ্ধে খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, হেনস্থা ও শ্লীলতাহানি, ভয় দেখানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায়ও স্বপন সমাদ্দারের নাম জড়িয়েছিল। সে সময় তিনি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ভোট-পরবর্তী হিংসার ঘটনাগুলির তদন্ত শুরু করার পর সিবিআইয়ের নজরে আসে তাঁর নাম।
২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। সেই সময় বিজেপি কর্মী অভিজিৎ সরকার ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছিলেন যে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তাঁর পোষ্যদেরও আক্রমণ করা হয়েছে। সেই লাইভের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এরপর অভিজিতের পরিবার কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের দাবি জানায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। পরে সিবিআই যে চার্জশিট জমা দেয়, সেখানে স্বপন সমাদ্দারের পাশাপাশি বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের নামও উল্লেখ করা হয়।


