কলকাতা: দলের উপর কালো মেঘের ঘনঘটা। তাই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেসকে আঁকড়ে ধরতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। গত দু-দিন ধরে দিল্লিতে ছিলেন মমতা-অভিষেক (Abhishek Banerjee)। দিল্লি সফর শেষে বুধবার কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোথায় গেলেন যুবরাজ? সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে পৌঁছেও ফিরে গিয়েছেন তিনি। সম্ভবত এখনই কলকাতায় ফিরছেন না তৃণমূলের সেনাপতি।
গ্রেফতারি এড়াতে ইউ টার্ন?
প্রসঙ্গত, সই জাল কান্ডে সিআইডির র্যাডারে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, অভিষেকের গতিবিধির উপর নজর রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সিআইডি। কলকাতা ফিরলেই কি তবে গ্রেফতার হবেন অভিষেক? এই প্রশ্নে শুরু হয়েছে জল্পনা। এই আবহেই দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গিয়েছেন অভিষেক (Abhishek Banerjee) বলে জানা গিয়েছে।
সই জাল কান্ডে ‘সেনাপতি’
সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তিনবার নোটিস পাঠিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেনি CID। প্রথমবার অসুস্থতার কারণ দেখান তিনি। দ্বিতীয়বার ব্যস্ততার কথা জানিয়ে সময় চান। তৃতীয়বার দিল্লিতে থাকার পাশাপাশি বিষয়টি আদালতে বিচারাধীন বলে তদন্তকারীদের জানান অভিষেক। ফলে এখনও পর্যন্ত CID-র মুখোমুখি হননি তিনি।
এরই মধ্যে সিআইডির পাঠানো নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি সমন প্রত্যাহার এবং আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন। আগামীকাল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে তাঁর মামলার শুনানি হওয়ার কথা। আইন মহলের একাংশের মতে, আদালত যদি অভিষেককে (Abhishek Banerjee) কোনও রকম সুরক্ষা না দেয়, তাহলে তাঁর উপর আইনি চাপ আরও বাড়তে পারে।


