Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার বিকেল নাগাদ জাহাঙ্গির খান (Jahangir Khan)-কে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে (Diamond Harbour Court) তোলা হয়। আদালতে ঢোকার সময় থেকেই তাঁর মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। এদিন আদালত কক্ষে আইনজীবীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। পুলিশের পক্ষ থেকে জাহাঙ্গিরকে ১৪ দিনের হেফাজতে রাখার আবেদন জানানো হয়। তবে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে (Police Custody) পাঠানোর নির্দেশ দেয়।
শুনানির সময় বিচারক জাহাঙ্গিরকে উদ্দেশ্য করে বলেন, “আপনার উকিল বাবু নেই, কেন জানেন?” জবাবে জাহাঙ্গির বলেন, “জানি না।” এরপর বিচারক প্রশ্ন করেন, “কেন অ্যারেস্ট করা হয়েছে জানেন? কেন জানেন না? আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশ হেফাজতে চাইছে আপনাকে। আপনার কোনও বক্তব্য?” এর উত্তরে জাহাঙ্গিরের সংক্ষিপ্ত জবাব ছিল, “না স্যর।”
এদিকে, জাহাঙ্গিরকে আদালতে আনার পুরো প্রক্রিয়াতেই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল। এলাকায় তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রবল থাকায় প্রশাসন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে। জানা গিয়েছে, ভোর হওয়ার আগেই, প্রায় চারটে নাগাদ তাঁকে আদালতের লক-আপে নিয়ে আসা হয়, যাতে আদালত চত্বরে ভিড় বা উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়।


