Aaj lndia Desk,কলকাতা: রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের অন্দরে ভাঙন স্পষ্ট , ঠিক তখনই কোলাঘাটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র বৈঠকে হাজির হয়ে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malia) এবং কেশপুরের বিধায়ক শিউলি সাহা (Shiuli Saha)। তাঁদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা তবে কি দলবদল এখন শুধু সময়ের অপেক্ষা?
একদিকে তৃণমূলের একাংশের প্রকাশ্য অসন্তোষ অন্যদিকে বিরোধী শিবির নিজেদের শক্তি বাড়াতে মরিয়া। এই পরিস্থিতিতে শুভেন্দুর বৈঠকে জুন-শিউলির উপস্থিতি নিছক সৌজন্য নাকি তার পিছনে রয়েছে বড় কোনও রাজনৈতিক বার্তা?
এদিকে রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তৎপরতা আরও বেড়েছে। সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। একইসঙ্গে আদালতে তোলা হচ্ছে তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে। একের পর এক গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এই আবহে শুভেন্দুর বৈঠকে জুন মালিয়া ও শিউলি সাহার উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে তৃণমূলের অন্দরে কি আরও বড় ভাঙন আসন্ন? নাকি রাজনৈতিক চাপের মধ্যেই বিকল্প রাস্তা খুঁজছেন বিক্ষুব্ধ নেতারা? যদিও এখনও পর্যন্ত দুই নেত্রীর কেউই দলবদল নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবুও তাঁদের এক মঞ্চে দেখা যাওয়ায় জল্পনার আগুনে ঘি পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


