Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর : এক সময় রাজনৈতিক মঞ্চেই নেতাদের ভিড় দেখা যেত। এখন সেই ভিড় জমছে আদালত চত্বর আর থানার সামনে। মুড়ি মুড়কির মত দুর্নীতি, প্রতারণা, জমি কেলেঙ্কারি থেকে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারির ঘটনা সামনে আসছে। আর্থিক প্রতারণা, জমি সংক্রান্ত জালিয়াতি ও একাধিক অভিযোগে এবার গ্রেপ্তার আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। (Tmc Leader Arrested)
প্রাক্তন তৃনমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগগুলির মধ্যে ছিল আর্থিক প্রতারণা, জমি সংক্রান্ত জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি বা জনসম্পত্তি আত্মসাৎ এবং তোলাবাজির মতো অভিযোগ। তদন্তকারীদের দাবি, এক অভিযোগকারী ইমরানের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নেওয়ার পর সেই অর্থ বা সংশ্লিষ্ট সম্পত্তি ফেরত দেননি সুজয়। এই অভিযোগকে কেন্দ্র করেই তদন্তের গতি বাড়ে।(Tmc Leader Arrested)
সালবনি থানার পুলিশ দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। তদন্তে অসঙ্গতি ধরা পড়ার পর শনিবার রাতে খড়্গপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রের দাবি। রবিবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।(Tmc Leader Arrested)
আদালতে হাজির করানোর সময় সুজয় হাজরাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা যায়। আদালত চত্বরে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। কয়েকজনকে ডিম হাতে বিক্ষোভ দেখাতেও দেখা যায়। পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে আদালতে আনা ও নিয়ে যাওয়া হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।
সুজয় হাজরা মেদিনীপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের পরিচিত নেতা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন দুর্নীতি, প্রতারণা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে সুজয় হাজরার গ্রেফতারি রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেছেন সুজয় হাজরা। তদন্ত চলায় আগামী দিনে মামলায় নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।


