Aaj India Desk, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) আবারও বদলাতে চলেছে আবহাওয়া (Weather Update)। কয়েকদিনের তীব্র গরম কিছুটা কমলেও নতুন করে ঝড়-বৃষ্টির আশঙ্কা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর (Kalbaishakhi) প্রভাব দেখা যেতে পারে। আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় চলতে পারে। এর ফলে তাপমাত্রাও (Temparature) কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার রাত থেকে শনিবার পর্যন্ত বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ বেশি সক্রিয় থাকবে। তবে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আবহাওয়ার প্রভাব বেশি দেখা যেতে পারে। রবিবার ও সোমবার থেকে ধীরে ধীরে ঝড়-বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কমতেই আবার বাড়তে পারে আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি।
মৎস্যজীবীদের সতর্কতা:
এদিকে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার কারণে বিপদের সম্ভাবনা থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে। যদিও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ও রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। তবুও পাহাড় ও ডুয়ার্সের কিছু জায়গায় হালকা ঝড়বৃষ্টি হতে পারে।


