Aaj India Desk, বীরভূম: ভয়ংকর ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Specialty Hospital)। গর্ভপাতের অস্ত্রোপচার (Surgical Abortion) করতে গিয়ে এক মহিলার খাদ্যনালী (Esophagus) কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত রোগীর নাম শুখতারা বিবি। তিনি দুবরাজপুর এলাকার বাসিন্দা।
পরিবারের দাবি, গত ২২ মে অপারেশনের সময় এই গুরুতর ঘটনা ঘটে। অভিযোগ, শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের কাছে লুকিয়ে রাখে। পরে অবস্থার অবনতি হলে রোগীকে বর্ধমানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক থাকায় শেষ পর্যন্ত তাঁকে স্থানান্তর করা সম্ভব হয়নি।
ঘটনার পর রোগীর পরিবারের তরফে হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। হাসপাতালের সুপার প্রকাশ চন্দ্র বাগ জানিয়েছেন, রোগীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই ছ’জন চিকিৎসককে নিয়ে একটি বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। পাশাপাশি লিখিত অভিযোগ জমা পড়লে পুরো ঘটনার তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন।
রোগীর দাদার অভিযোগ, ১৫ মে শুখতারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপারেশনের সময়ই এই ভুল হয়। সেই সময় জুনিয়র ডাক্তার নবারুণ দাস খাদ্যনালীই কেটে দিয়েছে। এটা তো আমরা জানতেই পারিনি। রোগীর কিন্তু সেই সময় জ্ঞান ছিল। পরে চিকিৎসকদের কথাবার্তা শুনেই তাঁর সন্দেহ হয় যে কোনও বড় সমস্যা হয়েছে। কারণ ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে কত বড় ভুল করেছে তারা। পরে ডাক্তাররাই পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান যে, অপারেশনের সময় গুরুতর ভুল হয়েছে।


