Aaj India Desk, বীরভূম: তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi) ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী (Devraj Chakraborty)-র হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে আগেও বিতর্কে জড়িয়েছিলেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। যদিও তিনি বারবার জানিয়েছেন, পেশাগত দায়িত্ব আর রাজনৈতিক মতাদর্শ কখনোই এক নয়। কিন্তু সেই বিতর্ক থামার আগেই এবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হল।
বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে বীরভূমের বিজেপি নেতা অরিন্দম সাহা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, মঙ্গলবার কলকাতায় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বিকাশরঞ্জন ভট্টাচার্য এমন কিছু মন্তব্য করেছেন, যা সংবিধানবিরোধী এবং উস্কানিমূলক। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বলেও জানা গিয়েছে।
কি বলছেন অরিন্দম সাহা?
অরিন্দম সাহার বক্তব্য, “একজন অভিজ্ঞ আইনজীবী হয়ে বিকাশরঞ্জনের এমন মন্তব্য করা ঠিক হয়নি।” তিনি বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজেকে সব থেকে বেশি শিক্ষিত বলে মনে করেন। আর বাকিরা সব গাধা। রবীন্দ্রনাথের একটা কথা আছে আমরা শিক্ষাকে বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। গ্রাম-বাংলায় থাকেন তাঁরাও মানুষ, তাঁরাও সচেতন নাগরিক এবং তাঁদের উত্তেজিত করার মতো কথা বলা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।” তাঁর অভিযোগ, ‘লাঠি হাতে রাস্তায় নামতে হবে’ ধরনের মন্তব্য মানুষের মধ্যে আরও উত্তেজনা ছড়াতে পারে। তাই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।
আসলে বিকাশরঞ্জন কি বলেছিলেন?
একটি সাক্ষাৎকারে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বলতে শোনা যায়, মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হবে। তাঁর কথায়, “নিজের অধিকার এবং আত্মরক্ষার স্বার্থে সাধারণ মানুষকে আন্দোলনে অংশ নিতে হবে।” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।


