34 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

দুই বছর আটকে থাকা কাজ শেষ পাঁচদিনে! শেষ পর্যন্ত তৈরি চিংড়িঘাটা মেট্রোর গার্ডার!

Aaj India Desk, কলকাতা : অবশেষে সোমবার চিংড়িঘাটা মোড়ে বহুদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্পের গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ শেষ করল মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। আজ ভোর ৫টার মধ্যেই ইএম বাইপাসে স্বাভাবিক যান চলাচল শুরু হয়ে যায়। রাজ্য সরকারের সহযোগিতায় মাত্র দু’টি সপ্তাহান্তে এই কাজ সম্পূর্ণ করা হয়।

৫ দিনেই ৬২ মিটার ভায়াডাক্ট

প্রথম ধাপে ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার ব্লক নেওয়া হয়েছিল। সেই সময়ে ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো হয়। ১০টি কংক্রিট সেগমেন্ট জুড়ে এই কাঠামো তৈরি করা হয়েছে। ওই সময় উল্টোডাঙামুখী ইএম বাইপাসের একটি অংশ আংশিকভাবে বন্ধ রেখে যান নিয়ন্ত্রণ করা হয়।

দ্বিতীয় ধাপে ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ফের ৬০ ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হয়। এই পর্যায়ে ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ মিটার দীর্ঘ আরও একটি ভায়াডাক্ট বসানো হয়েছে। ফলে মোট ৬২ মিটার ভায়াডাক্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হয় মাত্র ৫ দিনে।

নতুন রাস্তা তৈরির পরিকল্পনা

চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) নির্মাণের পরবর্তী পর্যায়ে চিংড়িঘাটা মোড়ের পূর্ব দিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর কাজ হবে। সেই সময় যান চলাচল সচল রাখতে নতুন ৬০ মিটার দীর্ঘ একটি রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা সম্ভবত সল্টলেক বাইপাস সংলগ্ন খালের ধার ঘেঁষে তৈরি হবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ও RVNL যৌথভাবে এলাকা পরিদর্শন করেছে।

গার্ডার বসানোর কাজ শেষ হওয়ায় এবার ৫০০ টনের লঞ্চার মেশিন ধাপে ধাপে ৩২৯ নম্বর পিলারের দিকে এগোবে। সেখানেই নিকো পার্কমুখী গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। সব কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষের দিকেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হতে পারে।

উল্লেখ্য, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল চিংড়িঘাটা মেট্রো স্টেশন (Chingrighata Metro)। ২০১০-১১ সালের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে এই প্রকল্প অনুমোদিত হয়। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত দ্রুত যোগাযোগের জন্যই এটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে RVNL-এর তত্ত্বাবধানে নির্মাণকাজ শুরু হলেও চিংড়িঘাটা ক্রসিংয়ের ব্যস্ত ট্রাফিক এবং স্থানাভাবের কারণে এখানকার ভায়াডাক্টের কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। আদালতের হস্তক্ষেপ, ট্রাফিক ব্লকেজ নিয়ে বিতর্ক এবং রাজনৈতিক জটিলতার পর অবশেষে এই কাজ শেষ হলো।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন