Aaj India Desk, কলকাতা : ভোট পরবর্তী রাজনৈতিক পালাবদলের পর বাংলায় শুরু হওয়া বেআইনি দখল উচ্ছেদ এবং বুলডোজার অভিযানের আবহে ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবারই নিজের ফেসবুক পেজে তিনি পোস্ট করলেন তাঁর নতুন কবিতা ‘দখল’। সেখানে প্রশাসনের উচ্ছেদ অভিযান, পুলিশি সক্রিয়তা এবং সাধারণ মানুষের আতঙ্কের প্রসঙ্গ তুলে বর্তমান বিজেপি সরকারকে পরোক্ষে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
নতুন কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, “দখল মুক্ত করতে হবে/অসহায় দুর্বল মানুষদের/আর কত বুলডোজার?/আর কত অত্যাচার?/আর কত দানবিকতা?” সাম্প্রতিক সময়ে কলকাতা ও বিভিন্ন জেলায় পুরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। বিজেপি সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। সেই প্রেক্ষিতেই কবিতার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। তিনি লিখেছেন,“নেতার তাবেদার এখন/ডাণ্ডাওয়ালা রক্ষকর্তারা!/শতশত গ্রেপ্তার কেন?/কত পুরস্কার পাচ্ছো?” তাঁর ইঙ্গিত, উচ্ছেদ অভিযানের নামে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রশাসনের অতি-সক্রিয়তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলেও কবিতায় তুলে ধরেছেন তিনি।
কবিতার শেষাংশে নতুন শাসকদলকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন,“জিতলেই যদি?/তবে মানুষ কেন আতঙ্কিত?/কেনই বা সন্ধেতে নামছে মধ্যরাত?” পাশাপাশি তিনি সমাজকে ‘দখলমুক্ত’ করার আগে মানুষের মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, “নিজেদের মনের জঞ্জাল” পরিষ্কার না করলে সমাজ প্রকৃত আত্মমর্যাদা ফিরে পাবে না।
উল্লেখ্য, ক্ষমতা হারানোর পর এটিই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রথম কবিতা। তবে কবিতা প্রকাশের সাথে সাথেই বিজেপির তরফেও পাল্টা প্রতিক্রিয়া আসে। দলের এক মুখপাত্র দাবি করেন, দীর্ঘদিন ধরে বাংলায় বেআইনি দখল, সিন্ডিকেট ও তোলাবাজির সংস্কৃতি চলেছে তৃণমূল আমলেই। বিজেপির অভিযোগ, নতুন সরকার আইনি পথে সেই দখলদারি সরানোর কাজ শুরু করতেই তৃণমূলের আপত্তি দেখা দিয়েছে।


