Aaj India Desk, কলকাতা: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ফের স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাজনীতি আর পেশাকে তিনি কখনও একসঙ্গে মেশান না। তাঁর কথায়, একজন আইনজীবীর (Lawyer) কাজ হল আইনের সাহায্য চাওয়া মানুষের পাশে দাঁড়ানো। কেউ বিচার চাইতে এলে, সেখানে নীতিগত কোনও সমস্যা না থাকলে তিনি অবশ্যই আইনি সহায়তা করবেন। এমনকি প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পক্ষেও দাঁড়াতে তাঁর আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিকাশরঞ্জন বলেন, বামপন্থীদের আদর্শই হল মানুষের পাশে থাকা। তাই কোনও ব্যক্তি আইনের সাহায্য চাইলে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। তাঁর বক্তব্য, কেউ অপরাধ করলে আদালত বিচার করবে, শাস্তিও দেবে। কিন্তু একজন আইনজীবী হিসেবে আইনি সহায়তা দেওয়াটা তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে।
সম্প্রতি তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিকাশ ভট্টাচার্য। এরপর থেকেই সিপিএমের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দলের অনেক কর্মী-সমর্থক এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।এই প্রসঙ্গে বিকাশরঞ্জন বলেন, অনেকেই পুরো বিষয়টি না বুঝেই আবেগ দিয়ে বিচার করছেন। তাঁর দাবি, এই মামলায় খুন বা হিংসার মতো কোনও অভিযোগ নেই। বিজেপির এক বিধায়ক আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই আইনি লড়াই চলছে।
তিনি আরও বলেন, যদি এমন কোনও অভিযোগ থাকত যে অভিযুক্ত ব্যক্তি সিপিএম কর্মীদের উপর হামলা করেছেন বা খুনের ঘটনায় জড়িত, তাহলে বিষয়টা আলাদা হত। কিন্তু এখানে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, যার তদন্ত করার জন্য আয়কর দফতর, সিবিআইয়ের মতো সংস্থা আছে। তাই শুধুমাত্র রাজনৈতিক কারণে একজন আইনজীবী মামলা লড়বেন না, এমন ভাবনা সংকীর্ণ মানসিকতার পরিচয় বলেই মন্তব্য করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।


