Aaj India Desk, হাওড়া : ১৯ মে হাওড়া স্টেশনের (Howrah Railway Station) ক্যাব রোড এলাকায় এবং মিথিলা এক্সপ্রেসে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার সামনে এলো বড় তথ্য। তদন্তকারীদের দাবি অনুযায়ী, উভয় অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে একই ব্যক্তি। শনিবার সকালেই তাকে গ্রেপ্তারও করা হয়। ঘটনায় রাজ্য জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
দুই অগ্নিকাণ্ডে একই ব্যক্তির যোগ?
১৯ মে দুপুর প্রায় ২টো ৩৪ মিনিট নাগাদ ওই সন্দেহভাজনকে প্রথম ক্যাব রোড এলাকায় দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি একটি বস্তু ছুড়ে ফেলার পরই সেখানে আগুন লাগে। এর কয়েক মিনিট পর ওই ব্যক্তিকে মিথিলা এক্সপ্রেসে উঠতে দেখা যায়। পরে তিনি ট্রেন থেকে নেমে যান। তদন্তকারীদের দাবি, তাঁর নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কোচের ভিতরেও আগুন লাগার খবর সামনে আসে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, সন্দেহভাজন ব্যক্তি সকাল সাড়ে ১১টা নাগাদ থেকেই হাওড়া স্টেশন চত্বরে (Howrah Railway Station) ঘোরাফেরা করছিলেন। অর্থাৎ, তিনি তিন ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশন এলাকায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে একটি লোকাল ট্রেনে উঠে এলাকা ছাড়তে দেখা যায়।
কাকে গ্রেপ্তার করে পুলিশ ?
ঘটনার তদন্তের পর শনিবার হাওড়া স্টেশন (Howrah Railway Station) এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় সন্দেহভাজনকে। ধৃতের নাম ধর্মেন্দ্র কুমার বিশ্বকর্মা। তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তিনি ডানকুনিতে খালাসির কাজ করতেন।
সিসিটিভি থেকে সন্দেহভাজনের ছবি পাওয়ার পর তাঁর পরিচয় জানতে স্টেশন চত্বরের দোকানদার এবং নিয়মিত যাত্রীদের তাঁর ছবি দেখানো হয়েছিল। সেখান থেকেই শেষ পর্যন্ত চিহ্নিত করা যায় তাঁকে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।


