Aaj India Desk, কলকাতা: সংখ্যার বিচারে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিরোধী দলনেতার পদ ধরে রাখতে পারলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তৃণমূল কংগ্রেসের (TMC) ৭০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনের সমর্থন তাঁর পক্ষে ছিল। এই সংখ্যাগরিষ্ঠ সমর্থনকেই বিরোধী দলনেতা হওয়ার প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছিল ঋতব্রত শিবির। কিন্তু কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) রায়ে বাতিল হয়ে গেল তাঁর নিয়োগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দলের অধিকাংশ বিধায়কের সমর্থন থাকা সত্ত্বেও কেন এই পদে থাকতে পারলেন না ঋতব্রত?
বিষয়টি বুঝতে হলে ফিরে দেখতে হবে গোটা ঘটনার সময়কাল। ভোটের ফল প্রকাশের পর গত ৬ মে তৃণমূলের ৭০ জন বিধায়ককে নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছেও আবেদন পাঠানো হয়। কিন্তু পরবর্তী সময়ে দলের অন্দরে পরিস্থিতি বদলে যায়। গত ৩ জুন অধ্যক্ষের কাছে নতুন করে একটি আবেদন জমা পড়ে। সেখানে ৭০ জনের মধ্যে ৫৮ জন বিধায়কের সমর্থন দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানানো হয়। এই সমর্থনের ভিত্তিতেই স্পিকার ঋতব্রতকে ওই পদে স্বীকৃতি দেন।
তবে আদালতে এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন ওঠে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, যে ৫৮ জন বিধায়ক ঋতব্রতকে সমর্থন করেছিলেন, তাঁরা প্রত্যেকেই আগে শোভনদেবের পক্ষে জমা দেওয়া ৭০ জনের আবেদনের অংশ ছিলেন। অর্থাৎ, প্রথমে যাঁরা এক সিদ্ধান্তে সই করেছিলেন, তাঁদেরই একাংশ পরে নিজেদের অবস্থান বদলান। এখানেই মূল প্রশ্ন তোলে আদালত। বিচারপতির বক্তব্য, আগের ৭০ জন বিধায়কের সিদ্ধান্তকে কীভাবে উপেক্ষা করা হল? পরবর্তী সময়ে ৫৮ জনের সমর্থন পাওয়ার বিষয়টি যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এমনকী, যাঁরা প্রথম আবেদনে সই করেছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে কথা বলা হয়েছিল কি না, কিংবা বাকি বিধায়কদের মতামত নেওয়া হয়েছিল কি না, সেই বিষয়টিও আদালতের নজরে আসে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখার প্রয়োজনীয় অনুসন্ধান করেননি বিধানসভার অধ্যক্ষ। আর সেই প্রক্রিয়াগত প্রশ্নই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার পদ বাতিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


