31.2 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

স্কুলে একসঙ্গে অসুস্থ ২৪ ছাত্রী, খাবার থেকেই কি বিষক্রিয়া? আরজি করে ভর্তি সকলেই

Aaj India Desk,কলকাতা: কলকাতার দেশবন্ধু পার্ক এলাকার একটি নামী স্কুলে একসঙ্গে ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার আচমকাই জ্বর, পেটের ব্যথা, বমি-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেয় ছাত্রীদের মধ্যে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁদের আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে অসুস্থ পড়ুয়া ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

হঠাৎ কীভাবে অসুস্থ হলেন ছাত্রীরা?

প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, খাবার অথবা পানীয় জল থেকে কোনও ধরনের বিষক্রিয়ার কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত অসুস্থতার সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। ছাত্রীদের অনেকেরই জ্বর, পেটে ব্যথা এবং বমির মতো উপসর্গ দেখা দিয়েছে। কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যাও হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক চিকিৎসার পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ছাত্রীদের। চিকিৎসকদের দাবি, আগের তুলনায় তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁরা।

অভিভাবকদের একাংশের দাবি কী?

ঘটনার পর উদ্বিগ্ন অভিভাবকদের অনেকেই জানান, অসুস্থ হওয়ার কিছুক্ষণ আগেও তাঁদের মেয়েরা স্বাভাবিক ছিল। পরিবারের সঙ্গে কথাও হয়েছিল। এরপর আচমকাই স্কুল থেকে ফোন করে জানানো হয়, পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

একাধিক অভিভাবকের দাবি, কয়েকজন ছাত্রীর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। কারও বুক ব্যথা, মাথা ঘোরা এবং হঠাৎ টাল খেয়ে পড়ে যাওয়ার মতো উপসর্গও দেখা যায় বলে তাঁরা জানিয়েছেন।

স্কুলে যাবে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা

ঘটনার কারণ খুঁজতে মঙ্গলবার স্কুলে যাবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্কুলের পানীয় জলের ট্যাঙ্ক ঠিকমতো পরিষ্কার করা হয় কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। খাবারে ব্যবহৃত কাঁচামালও পরীক্ষা করা হবে। রান্নার দায়িত্বে থাকা কর্মীদেরও তদন্তের আওতায় রাখা হচ্ছে।

রান্নাঘর সিল, বিকল্প ব্যবস্থার নির্দেশ

ঘটনার পর উল্টোডাঙা থানার পুলিশ স্কুলের রান্নাঘর সিল করে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে আইসি-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত স্কুলের পড়ুয়াদের জন্য বিকল্প জায়গায় রান্নার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, খাবার, জল, রান্নাঘরের পরিচ্ছন্নতা থেকে শুরু করে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়েও পরীক্ষা করা হবে। সব দিক খতিয়ে দেখার পরেই ২৪ ছাত্রীর অসুস্থ হওয়ার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন