27.3 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

২০০ কোটির কেলেঙ্কারি! SJDA-র ১৫ বছরের হিসাব খতিয়ে দেখবে সরকার!

Aaj India Desk, শিলিগুড়ি : প্রায় আড়াই বছর কার্যত নিষ্ক্রিয় থাকার পর শুক্রবার বৈঠকে বসল শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (SJDA)। বৈঠক শেষে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ঘোষণা করলেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। SJDA-র গত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নিয়ে হবে বিশেষ অডিট। পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হবে অভ্যন্তরীণ প্রশাসনিক তদন্ত। একই সঙ্গে প্রথম ধাপে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

১৫ বছরের হিসাবের অডিট

SJDA-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওঠা আর্থিক অনিয়ম ও তহবিল ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতেই এই বিশেষ অডিটের সিদ্ধান্ত। ১৫ বছরের হিসাবের মধ্যে আগের সরকারের আমলের কাজকর্মও পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি SJDA-র বিভিন্ন কাজ ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ প্রশাসনিক তদন্ত হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ।

নজরে EWS ফ্ল্যাট, LUCC-ও

তদন্তের আওতায় থাকবে EWS ফ্ল্যাট নির্মাণ ও বণ্টন সংক্রান্ত বিষয়। পাশাপাশি Land Use Compatibility Certificate বা LUCC ব্যবহারে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখা হবে। অভিযোগ রয়েছে, LUCC-র নিয়মের অপব্যাখ্যার সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে বেআইনি নির্মাণ হয়েছে। এর সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং আধিকারিকদের কারও ভূমিকা ছিল কি না, তাও তদন্তে দেখা হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও স্বাধীন তদন্তের ব্যবস্থাও করা হতে পারে। এমন ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে তদন্তের সম্ভাবনার কথাও উঠে এসেছে।

‘২০০ কোটি’ অভিযোগও তদন্তের আওতায়?

SJDA-কে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা রয়েছে। অভিযোগের একটি বড় অংশ ২০১১ থেকে ২০১৫ সালের সময়কালের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। বিদ্যুৎচালিত শ্মশান, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক প্রকল্পে টেন্ডার ছাড়া কাজ, অসম্পূর্ণ কাজের জন্য অর্থপ্রদান এবং আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। এই পর্বে তৎকালীন SJDA-র এক প্রাক্তন CEO-কে গ্রেফতারও করা হয়েছিল এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন নিয়ে তদন্ত হয়েছিল। নতুন বিশেষ অডিটে গত ১৫ বছরের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত সেই পুরনো অভিযোগগুলিকেও নতুন করে আলোচনায় এনেছে।

তবে শুধু তদন্ত নয়, দীর্ঘদিন থমকে থাকা উন্নয়নমূলক কাজও শুরু করতে চাইছে SJDA। প্রথম ধাপে ১০০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ নেওয়া হয়েছে। এই টাকায় রাস্তা, নিকাশি, পানীয় জল, শ্মশান, বিদ্যুৎ এবং অন্যান্য নাগরিক পরিকাঠামোর কাজ করা হবে। SJDA-র আওতাধীন এলাকার বিধায়কেরা প্রকল্পের প্রস্তাব দেবেন। বর্ষা শেষ হওয়ার পর টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা ও তদন্ত কোন পথে এগোয় সেদিকেই নজর শিলিগুড়িবাসীর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন