Aaj India Desk,কলকাতা : রাজ্য সরকারের উদ্যোগে ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। তবে পরিষেবার আওতা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে সরকারি ভলভো বাসগুলিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা নিয়ে যাত্রীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।
কলকাতা-তমলুক রুটে নিয়মিত যাতায়াতকারীদের একাংশ জানাই , WBTC-এর ভলভো বাসে তমলুক পর্যন্ত আলাদা টিকিটের ব্যবস্থা নেই। ফলে তমলুকে নামলেও যাত্রীদের দিঘা পর্যন্ত সম্পূর্ণ ভাড়া দিতে হয়, যা প্রায় ৪০০ টাকা। তাদের দাবি, নতুন নিয়ম চালুর পর দেখা যাচ্ছে বাসের প্রায় ৬০ শতাংশ আসনে মহিলা যাত্রী রয়েছেন এবং তাঁদের অনেকেই পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণ করছেন।
সাধারণ মানুষের সুবিধার জন্য সরকারি বাসে ভাড়া মকুবের সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। কিন্তু উচ্চ রক্ষণাবেক্ষণ খরচসম্পন্ন ভলভো বা এসি লাক্সারি বাসগুলিকে একই সুবিধার আওতায় আনা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। তাদের আশঙ্কা, পর্যাপ্ত রাজস্ব না এলে ভবিষ্যতে এই ধরনের পরিষেবা আর্থিক চাপে পড়তে পারে। একাংশও মনে করছেন, সাধারণ ও লাক্সারি পরিষেবার মধ্যে কিছু পার্থক্য রাখা হলে সরকারি ভর্তুকির চাপ কমতে পারে। একই সঙ্গে নিয়মিত কর্মজীবী যাত্রীদের স্বার্থও সুরক্ষিত থাকবে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও সংশোধিত নির্দেশিকা জারি হয়নি। তবে নতুন প্রকল্প চালুর পর যাত্রীমহলের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা প্রশাসনের কাছে পৌঁছতে শুরু করেছে। ফলে আগামী দিনে এই নীতিতে কোনও পরিবর্তন হয় কি না, সেদিকেই নজর থাকবে।


