Aaj India Desk, কলকাতা : সম্প্রতি কয়েক দশক ধরে বইমেলার সঙ্গে যুক্ত গিল্ডের সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই তীব্র প্রতিবাদ করে সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন বাংলা পক্ষের সাথে যুক্ত গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। সরাসরি কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের নেতৃত্বে পরিবর্তন এবং বইমেলা আয়োজনের সঙ্গে ন্যাশনাল বুক ট্রাস্ট এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
‘সব মতের সহাবস্থান ছিল’
গর্গের (Garga Chatterjee) বক্তব্য, কলকাতা বইমেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মত ও সংগঠনের পাশাপাশি উপস্থিতি দেখা যেত। বাংলা পক্ষ, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, এসইউসি, নকশালপন্থী সংগঠন সহ বিভিন্ন মতের মানুষ ও সংগঠন বইমেলায় নিজেদের জায়গা করে নিয়েছে বলে দাবি তাঁর। তাঁর মতে, এই বহুমতের পরিবেশই কলকাতা বইমেলার অন্যতম বৈশিষ্ট্য। তবে এবার নতুন গিল্ডের নেতৃত্বে এই অবস্থান পরিবর্তন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গিল্ডের নেতৃত্ব বদল নিয়ে প্রশ্ন
পোস্টে গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee) অভিযোগ করেছেন, বাম আমল থেকে বইমেলার সঙ্গে যুক্ত থেকে আয়োজনের দায়িত্ব পালন করা ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সুধাংশু শেখর দেকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে বইমেলার আয়োজক সংস্থার নেতৃত্বে ঠিক কী পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের সরকারি প্রক্রিয়া কী তা নিয়েও রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
নতুন কমিটি ও NBT-র ভূমিকা
গর্গের দাবি, নতুন একটি কমিটি বইমেলা সংক্রান্ত বিষয়ে ‘পরামর্শ’ দেবে। তাঁর অভিযোগ, সেই কমিটিতে শাসক দলের সঙ্গে যুক্ত টেলিভিশন প্যানেলিস্ট-সহ বিভিন্ন সদস্য এবং সাধু-সন্ন্যাসীদের রাখা হয়েছে।পাশাপাশি তাঁর পোস্টে দাবি করা হয়েছে, কলকাতা বইমেলা আয়োজনের ক্ষেত্রে ন্যাশনাল বুক ট্রাস্টও ‘সাহায্য’ করবে। এই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, “বইমেলাও এবার সরকারের পরামর্শে চলবে?”
বইমেলার এই চরিত্র বদল নিয়ে নিজের আপত্তি জানাতে গিয়ে গর্গ লেখেন, “বইমেলা এখন আর থেকেও নেই।” তিনি আরও প্রশ্ন তুলেছেন, ব্যবসায়িক প্রকাশকদের স্টল থাকলেও মুক্তচিন্তা ও মননের জায়গা কতটা অক্ষুণ্ণ থাকবে। তাঁর কথায়, “মুক্তচিন্তার পরামর্শের দরকার হয় না।”
স্বাধীনতা ও পরাধীনতার প্রসঙ্গ তুলে বইমেলার ভবিষ্যৎ চরিত্র নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তবে গিল্ডের নেতৃত্ব পরিবর্তন, নতুন কমিটির কাঠামো এবং ন্যাশনাল বুক ট্রাস্টের ভূমিকা নিয়ে গর্গের পোস্টে ওঠা অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলি কী বক্তব্য রাখে, সেটাই এখন দেখার।


