Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার বদলের পর দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কড়া পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে নতুন প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর নেতৃত্বে এমন একটি নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে দুর্নীতি, তোলাবাজি, দাঙ্গা বা সরকারি সম্পত্তি নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seize) করা সম্ভব হবে।
বিধানসভার বাজেট অধিবেশনে (West Bengal Budget Session 2026) এই বিষয়ে ঘোষণা করা হয়েছিল। এরপর বিলের খসড়া সমস্ত বিধায়কদের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার বিশেষ অধিবেশনে এই বিল পেশ ও পাশ করানোর চেষ্টা করবে সরকার।
নতুন আইনের অন্যতম প্রধান লক্ষ্য হল, যাঁরা দুর্নীতি বা বেআইনি উপায়ে সম্পদ গড়ে তুলেছেন, তাঁদের সেই সম্পত্তির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া। সরকারের দাবি, সাধারণ মানুষের অর্থ বা সরকারি সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণ অভিযুক্তদের সম্পত্তি থেকেই আদায় করা হবে।
‘THE WEST BENGAL PUBLIC SAFETY AND CONTROL OF ANTI-SOCIAL ACTIVITIES BILL, 2026’- নামে এই প্রস্তাবিত আইনের মাধ্যমে রাজ্যে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা, সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ করা এবং তোলাবাজি, সিন্ডিকেট রাজ, জমি জালিয়াতি ও হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিলে উল্লেখ রয়েছে, আইন কার্যকর হওয়ার পর গোটা রাজ্যে তা অবিলম্বে বলবৎ হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে থাকবে না।
এছাড়াও ‘ড্যামেজ রিকভারি’ সংক্রান্ত ব্যবস্থায় বলা হয়েছে, দাঙ্গা, ভাঙচুর বা হিংসাত্মক বিক্ষোভে যদি সরকারি সম্পত্তির ক্ষতি হয়, তাহলে জেলা শাসক বা পুলিশ কমিশনার নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ আদায়ের জন্য বিশেষ দাবি কমিশনের দ্বারস্থ হবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
শুধু সরকারি সম্পত্তিই নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তি যেমন বাড়ি, দোকান বা গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ভুক্তভোগীরা এই ব্যবস্থার মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। সরকারের বক্তব্য, দুর্নীতি ও রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই এই আইন আনা হচ্ছে। আগামী সোমবারের বিশেষ অধিবেশনে বিলটি পাশ হলে রাজ্যে এর বাস্তব প্রয়োগ শুরু হতে পারে।


