Aaj India Desk, কলকাতা: কাকলি-কল্যাণ দরজা যেন থামতেই চায় না। একদিকে কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। লোকসভার স্পিকারের কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে কাকলির বিরুদ্ধে পাল্টা কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কল্যাণ।
কাকলির অভিযোগ, লোকসভার ভিতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং গালিগালাজ করেছেন। তিনি আরও দাবি করেছেন, মহিলা সাংসদদের প্রতিও কল্যাণের ব্যবহার সম্মানজনক নয়। এই বিষয়টি তিনি স্পিকারের নজরে এনেছেন। শুধু সংসদেই নয়, সংবাদমাধ্যমের সামনেও একই অভিযোগ করেছেন কাকলি। যদিও, সব অভিযোগই অস্বীকার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কাকলির তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনও নির্দিষ্ট প্রমাণ নেই।
এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ কাকলির বিরুদ্ধে নতুন করে সরব হন। তিনি বলেন, নারদ মামলায় কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। সেই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে লোকসভার স্পিকারের অনুমোদন প্রয়োজন। কল্যাণ জানিয়েছেন, তিনি এবার স্পিকারের কাছে আবেদন করবেন যাতে তদন্তের অনুমতি দেওয়া হয়। কল্যাণের বক্তব্য, “অন্যদের বিরুদ্ধে তদন্ত হয়েছে, তাহলে উনি কেন প্রিভিলেজড হবেন?” এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরে দুই সাংসদের সংঘাত আরও প্রকাশ্যে চলে এল।


