Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডা. শান্তনু সেন (Santanu Sen)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দলের হয়ে মুখপাত্র হিসেবে আর কথা বলা তাঁর পক্ষে সম্ভব নয়।চিঠিতে তিনি দাবি করেছেন, অতীতে বিভিন্ন কঠিন ও বিতর্কিত পরিস্থিতিতে তিনি প্রকাশ্যে দলের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির পর তাঁর বিবেক আর সেই অবস্থান সমর্থন করছে না।
কোন কোন ঘটনা তুলে ধরলেন তিনি ?
পদত্যাগপত্রে ডা. সেন (Santanu Sen) সরাসরি আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ-খুন মামলা, ‘অভয়া’ মামলা এবং চাকরির বিনিময়ে টাকার অভিযোগসহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন। তাঁর বক্তব্য, এই সব “অনৈতিক কাজ” এবং দুর্নীতির অভিযোগের কারণেই বাংলার মানুষ দলকে প্রত্যাখ্যান করেছে। দলের নীতির সমালোচনা করে তিনি লেখেন, মানুষের রায়কে সম্মান জানিয়েই তিনি সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পর থেকেই দলের সঙ্গে শান্তনু সেনের (Santanu Sen) দূরত্ব বাড়তে শুরু করে। চিকিৎসক হিসেবে তিনি হাসপাতালের দুর্নীতি এবং ঘটনার তদন্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। সেই সময় তাঁকে মুখপাত্র পদ থেকে সরানো হয় এবং পরে “দলবিরোধী কার্যকলাপ”-এর অভিযোগে সাময়িক সাসপেন্ডও করা হয়। এরপর সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু উদ্যোগের প্রশংসা করেছিলেন শান্তনু সেন। সেই মন্তব্যও তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি করেছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। কুণাল ঘোষের দলের ‘সুবিধাবাদী’দের নিয়ে চিঠির পরেই শান্তনু সেনের পদত্যাগ ঘিরেও বাড়ছে জল্পনা। তবে এখনও পর্যন্ত তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেননি। শুধুমাত্র জাতীয় মুখপাত্র পদ থেকেই তিনি পদত্যাগ করলেন। তবে আগামী দিনে এই পদত্যাগ দলীয় সমীকরণে কি প্রভাব ফেলে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।


