Aaj India Desk,কলকাতা: বলিউডের প্লেব্যাক দুনিয়া থেকে অরিজিৎ সিংয়ের হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারেননি তাঁর অসংখ্য অনুরাগী। বছরের শুরুতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে গান ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মুর্শিদাবাদের এই জনপ্রিয় শিল্পী। কেরিয়ারের সেরা সময়ে এসে অরিজিতের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক সংগীত মহল।
সেই বিতর্কের মাঝেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন খ্যাতনামা গায়ক তথা সুরকার আদনান সামি। তবে কোনও সমালোচনা নয়, বরং একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোই উচিত বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি নিজের নতুন সিঙ্গল ‘লিপস্টিক লাগা কে নজর উতার লে’-র প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন আদনান সামি। সেখানেই একটি সাক্ষাৎকারে উঠে আসে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। তিনি জানান, এটি কোনও আবেগঘন বা তাড়াহুড়োর সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ ভাবনাচিন্তার পরই এমন পদক্ষেপ করেছেন অরিজিৎ। তাঁর কথায়, প্লেব্যাক সিংগিং থেকে সরে আসার সিদ্ধান্ত ও নিয়েছে। একজন শিল্পী হিসেবে অরিজিতের সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোই আমাদের দায়িত্ব। তাঁকে তাঁর মতো করে নিজের মানসিক জায়গাটা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত।
অরিজিৎ সিং কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন মানসিক চাপ, কেউ আবার মিউজিক লেবেলের কড়া নিয়মকানুনকে দায়ী করছেন। এই প্রসঙ্গে আদনান সামি বলেন, অরিজিৎ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের কারণ কাউকে জানাতে বাধ্য নন। সময় এলে সবটাই জানা যাবে।
মিউজিক ইন্ডাস্ট্রির চাপ নিয়ে আদনানের বক্তব্য, অনেক সময় শিল্পীরাই ভয় থেকে নিজেদের ওপর বাড়তি চাপ তৈরি করেন। তাঁর কথায়,”কোনও নিয়ম পছন্দ না হলে সেটা না মানার স্বাধীনতাও থাকে।”অরিজিতের মতো জনপ্রিয় শিল্পীর সরে যাওয়া অবশ্যই সংগীত জগতের বড় ক্ষতি। তবে আদনানের মতে, একজন শিল্পীর মানসিক শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


