Aaj India Desk, কলকাতা : পুজোর মুখে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্যের বিভিন্ন দফতরে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি কর্মবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি, SC-ST পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়ানো এবং অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের একাধিক দফতরে মোট ১৪,৪৫৪টি পদে নিয়োগ করা হবে। PSC এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বন, দমকল ও জরুরি পরিষেবা, কারা, স্বরাষ্ট্র এবং পাহাড় বিষয়ক দফতর-সহ একাধিক বিভাগে এই নিয়োগ হতে পারে। মুখ্যমন্ত্রীর দাবি, পরীক্ষা ও নিয়োগের প্রক্রিয়া শেষ করে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
‘কর্মবন্ধু’দের মাসিক পারিশ্রমিকও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে যেখানে তাঁরা মাসে ৫,০০০ টাকা পেতেন, এবার তা বেড়ে ৮,০০০ টাকা করা হয়েছে। অক্টোবর থেকেই বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রাজ্য পুলিশের নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১১ অক্টোবর প্রায় ১২ হাজার পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এর আগে ১০ অক্টোবর, মহালয়ার দিন রাজ্যে পুলিশের ১১২ নম্বর জরুরি পরিষেবা চালু হবে। ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে বিভিন্ন থানায় ৪০০টি গাড়ি এবং ৪৫০টি বাইক দেওয়ার কথাও জানানো হয়েছে।
সরকারি হস্টেলে থাকা SC ও ST পড়ুয়াদের খাবারের জন্য মাসিক বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে। ১,৮০০ টাকা থেকে তা বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার জন্য ‘ভগিনী নিবেদিতা প্রকল্প’-এর ঘোষণাও করা হয়েছে। এই প্রকল্পে তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা করে দেওয়ার কথা। আগামী বছরের জানুয়ারি মাসে প্রথম কিস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সাংবাদিক বৈঠকে রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু। তাঁর দাবি, চলতি আর্থিক বছরে রাজ্যে এক লক্ষ চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আগের সরকারের আমলের নিয়োগ ব্যবস্থা নিয়ে সমালোচনাও করেন তিনি। তবে নতুন নিয়োগগুলির ক্ষেত্রে দফতরভিত্তিক পদসংখ্যা, আবেদনপদ্ধতি এবং পরীক্ষার বিস্তারিত সূচি সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে বলে স্পষ্ট করেছেন তিনি।


