25 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

আসানসোলে ‘বন্দুক-রাজ’! পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও দুষ্কৃতী!

Aaj India Desk, কলকাতা : এতদিন শোনা যাচ্ছিল পুলিশ এনকাউন্টার করছে। তবে এবার উল্টো ছবি।বোলপুরের পর আবারও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল অভিযুক্ত দুষ্কৃতী। এবার ঘটনাস্থল আসানসোলের হীরাপুর। সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত প্রতাপ দাস (Pratap Das) ওরফে ‘প্যাও’-এর বাড়ি ঘিরে অভিযান চালাতে গিয়ে গুলির মুখে পড়েন পুলিশকর্মীরা। অভিযোগ, পুলিশ বাড়ির কাছে পৌঁছে গিয়েছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে।

গোপন সূত্রে খবর পেয়েই অভিযান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকার মাদার টেরেজা সরণিতে একটি ভাড়া বাড়িতে থাকে প্রতাপের পরিবার। পুজোর আগে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল সে। দীর্ঘদিন পর বুধবার ওই বাড়িতে প্রতাপ (Pratap Das) ফিরেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।

এরপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। তবে গুলিতে কোনও পুলিশকর্মী বা স্থানীয় বাসিন্দা আহত হননি।

একাধিক অপরাধে নাম জড়িয়েছে প্রতাপের

পুলিশের দাবি, প্রতাপ দাস (Pratap Das) ওরফে প্যাও একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত। সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন মামলায় অতীতে একাধিকবার গ্রেপ্তার হয়েছে প্রতাপ। জামিনে মুক্তি পাওয়ার পর ফের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বাড়িতে অস্ত্র মজুত ছিল কি?

অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর তার বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রতাপের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, বুধবারই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার দায়িত্ব নিয়েছেন নাসরিন সুলতানা। আর সেদিনই থানার এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় অপরাধী রতন শেখকে ধরতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময় রতনকে ধরতে গেলে তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পায়ে গুলিবিদ্ধ হন ওই পুলিশকর্মী। ঘটনার সুযোগে পালিয়ে যায় রতন। এর দু’দিন পর পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের। বোলপুরের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে অভিযুক্তের পালানোর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতাপের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন