Aaj lndia Desk,নয়াদিল্লি : ছাত্রদের প্রতিবাদ বা বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশের ভূমিকা কতটা কঠোর হতে পারে, আর কোথায় সংযম দেখানো প্রয়োজন এই প্রশ্নই নতুন করে সামনে আনলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঞা (Justice Ujjwal Bhuiyan। যন্তর মন্তরে ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণের সময় পুলিশের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই শুক্রবার তাঁর বক্তব্যে উঠে এল পুলিশি ব্যবস্থার নানা দিক। প্রাক্তন আইপিএস আধিকারিক যশবর্ধন আজাদের লেখা Policing the Republic বই প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিচারপতি।
আন্দোলন দমনের নামে বলপ্রয়োগ নিয়ে উদ্বেগ
পুলিশের হাতে বিক্ষোভকারীদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলে বিচারপতি জানান, এমন দৃশ্য দেখে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি এও বলেন , দায়িত্ব পালন করতে গিয়ে একজন পুলিশ আধিকারিকের পেশাগত দায়িত্ববোধ, ভারসাম্য এবং আত্মসংযম বজায় রাখা জরুরি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় সেই মানসিকতার অভাব স্পষ্ট হচ্ছে বলেই তাঁর মত।
বিশেষ করে তরুণ ও উচ্চপদস্থ আইপিএস আধিকারিকদের সরাসরি প্রতিবাদকারীদের সঙ্গে শারীরিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এই ধরনের ঘটনা শুধু পুলিশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত করে না, গণতান্ত্রিক পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি করে।
পুলিশের উপর আস্থা নষ্ট হলে বিপদ গণতন্ত্রের
সাধারণ নাগরিকের জীবনে পুলিশের ভূমিকার কথাও মনে করিয়ে দেন বিচারপতি। তাঁর মতে, রাস্তায় কর্তব্যরত এক জন কনস্টেবলই অনেক সময় সাধারণ মানুষের চোখে রাষ্ট্রের আইন প্রয়োগের সবচেয়ে দৃশ্যমান মুখ। বিপদের সময়ে মানুষ পুলিশের কাছেই সাহায্য চান। তাই আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকের আস্থা ধরে রাখাও পুলিশের অন্যতম দায়িত্ব।
হেফাজতে নির্যাতন ও ভুয়ো এনকাউন্টার নিয়েও সতর্কবার্তা
পুলিশি হেফাজতে নির্যাতন এবং মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন বিচারপতি ভূঞা (Justice Ujjwal Bhuiyan)। তদন্ত বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখিয়েও কোনও ব্যক্তির উপর নিষ্ঠুর বা অপমানজনক আচরণ করা যায় না বলে জানান তিনি। একইসঙ্গে গ্রেফতারের পরেও একজন নাগরিকের সংবিধানস্বীকৃত অধিকার বহাল থাকে বলে প্রশ্ন তোলেন বিচারপতি।
ভুয়ো এনকাউন্টার প্রসঙ্গে ২০১১ সালের সুপ্রিম কোর্টের রায়ের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, সাজানো এনকাউন্টার আইনের শাসনের পরিপন্থী। পুলিশ ব্যবস্থায় এমন ‘এনকাউন্টার সংস্কৃতি’র কোনও জায়গা থাকা উচিত নয়। আইনরক্ষকরাই যদি আইন ভাঙেন, তাহলে সাধারণ মানুষের আইনের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে পড়বে এমনই সতর্কবার্তা দেন বিচারপতি উজ্জ্বল ভূঞা।


