Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বিশাল জনসমাগমের মধ্যে কেন্দ্রীয় মুখ হয়ে উঠলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর নামে স্লোগানে মুখর ছিলেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। এলাকার অনেক মানুষও তাঁর ওপর ভরসা রেখে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। ক্ষমতায় আসার পর বিজেপি কী কী করবে, তা আরো একবার সবার সামনে স্পষ্টভাবে তুলে ধরেন শুভেন্দু।
কী কী পদক্ষেপ নেবে বিজেপি?
১.দলের সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো ধাপে ধাপে পূরণ করা হবে।
২.রাজ্যের সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
৩.নারী নিরাপত্তার বিষয়েও বিশেষ জোর দেন শুভেন্দু। তাঁর কথায়, মহিলারা যেন দিনের যে কোনও সময়, এমনকি রাতেও নিরাপদে বাড়ির বাইরে বেরোতে পারেন-এই পরিবেশ তৈরি করাই লক্ষ্য। আগের মতো কোনও বিধিনিষেধের কথা ভবিষ্যতের সরকার বলবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
৪.সরকারি কাজের গতি বাড়ানো হবে এবং বেসরকারি বিনিয়োগ আনার চেষ্টা করা হবে, যাতে কর্মসংস্থান বাড়ে। যারা চুক্তিভিত্তিক কাজে যুক্ত, তাঁদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতার ব্যবস্থাও করার কথা বলেন তিনি।
এছাড়াও শুভেন্দুর দাবি, আগামী এক বছরের মধ্যেই রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তন অনুভব করবেন। তিনি বলেন, মোদীর গ্যারান্টি এবং অমিত শাহ ঘোষিত সংকল্পপত্র-দুটোই নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, অনুপ্রবেশমুক্ত বাংলা গড়া, সরকারি নিয়োগে স্বচ্ছতা আনা, সিন্ডিকেট রাজ ও তোলাবাজি বন্ধ করাও তাঁদের অগ্রাধিকার বলে জানান তিনি। ভোটের পর কোনও ধরনের অশান্তি না ছড়াতে এবং আইন নিজের হাতে না তুলতে দলীয় কর্মীদেরও কড়া বার্তা দেন শুভেন্দু।


