Aaj India Desk, নয়াদিল্লি: তৃণমূল (TMC) সাংসদদের ভাঙন নিয়ে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে, সেখানে এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সরকারি সূত্রের দাবি, স্পিকার অফিসে (Speaker Office) এই সংক্রান্ত কোনও চিঠিই নাকি জমা পড়েনি। অথচ গতকাল তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) দাবি করেছিলেন, ২০ জন সাংসদের স্বাক্ষরসহ একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছিলেন, সব কিছুই নিয়ম মেনে হয়েছে এবং তিনি নিজেও চিফ হুইপ ছিলেন, তাই বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই হয়েছে বলে তাঁর দাবি। সেই চিঠিতে নাকি বলা হয়েছে, ওই সাংসদরা বিজেপিতে যাচ্ছেন না, বরং এনডিএ-র সঙ্গে থেকে একটি আলাদা তৃণমূল ব্লক হিসেবে কাজ করতে চান। সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর স্পিকারকে চিঠি দিয়ে এসেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্তত তেমনটাই দাবি ছিল তাঁর। ২০ জন সাংসদের সই নিয়ে ওই চিঠি নাকি জমা দেওয়া হয়েছে স্পিকার ওম বিড়লার ঘরে।
কিন্তু শুরু থেকেই মমতা-পন্থী শিবির দাবি করে আসছে যে, বিক্ষুব্ধ সাংসদদের পর্যাপ্ত সংখ্যা জোগাড়ই হয়নি। এদিকে বিজেপির বক্তব্য, বাংলার কোনও তৃণমূল নেতাকে এখন দলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। কিন্তু এখন জানা যাচ্ছে সেই চিঠি নাকি জমাই পড়েনি। সব মিলিয়ে, চিঠি জমা পড়েছে কি পড়েনি-এই নিয়েই এখন পুরো ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


