Aaj India Desk, শিলিগুড়ি: শিলিগুড়ির বিভিন্ন বার (Bar) বা পানশালা নির্ধারিত সময়ের পরেও খোলা থাকছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। অভিযোগের ভিত্তিতে তিনি বিষয়টি খতিয়ে দেখতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেন। এরপর শহরের একাধিক বার ও পানশালায় অভিযান চালায় পুলিশ।
এই প্রসঙ্গে শঙ্কর ঘোষ জানান, পুলিশ কমিশনারেটের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে সাধারণ নিয়ম অনুযায়ী রাত ১২টা পর্যন্তই বার বা পানশালা খোলা রাখা যায়। তবে আবগারি দফতরে নির্ধারিত অতিরিক্ত ফি জমা দিয়ে রাত ২টো পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি নেওয়া সম্ভব। কিন্তু রাত ২টোর পর কোনও অবস্থাতেই বার বা পানশালা চালু রাখা আইনসম্মত নয়।
মন্ত্রী আরও বলেন, যেসব পানশালার কাছে আবগারি দফতরের অনুমতি রয়েছে, শুধুমাত্র তারাই রাত ২টো পর্যন্ত ব্যবসা চালাতে পারে। এই ব্যবস্থাটি সরকারি নিয়মের মধ্যেই রয়েছে।
একইসঙ্গে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, বার ও পানশালাগুলি নির্ধারিত সময় মেনে বন্ধ হচ্ছে কি না, তা নিয়মিত নজরদারিতে রাখতে হবে। প্রয়োজনে আগে থেকে কোনও খবর না দিয়ে আচমকা অভিযান চালিয়েও নিয়ম ভাঙার অভিযোগ খতিয়ে দেখতে হবে।


