Aaj India Desk, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ধুলিয়ানে (Dhulian) পুলিশের গুলিতে জখম হলেন বিজেপি নেতা সুজিত মণ্ডল (Sujit Mandal) খুনের ঘটনায় অভিযুক্ত সামাউন শেখ। মঙ্গলবার দুপুরে ধুলিয়ান বাজার এলাকার একটি হোটেলের ঘরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুজিত মণ্ডল খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য সামাউনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রায় দু’মাস আগে ধুলিয়ান বাজার এলাকায় বিজেপি নেতা সুজিত মণ্ডলকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, খুনের পর তাঁর দেহের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সামাউন শেখের।
সুজিত মণ্ডল খুনের ঘটনায় আগেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত সেপ্টেম্বর মাসে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল ওই বিজেপি নেতাকে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটাতেও ধর্ষণের মামলায় অভিযুক্ত এক যুবকের এনকাউন্টারে মৃত্যু হয়। সেখানেও ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়। এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে একই ধরনের ঘটনা সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে।


