Aaj India Desk ,পশ্চিম মেদিনীপুর : পালাবদলের পর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন সবংয়ের ভেমুয়া ১০ নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান রাজীব শি।ভোট গণনার দিন থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই এমনটাই দাবি স্থানীয়দের। আর সেই নিয়েই এবার সরগরম এলাকা। পঞ্চায়েত কার্যালয়ের সামনে নিখোঁজপোস্টার, যেখানে প্রধানকে খুঁজে দেওয়ার আবেদন জানানো হয়েছে ,আবেদন জানিয়েছেন সাধারণ মানুষ।
৪ তারিখ থেকে আজ ১৬ তারিখ টানা ১২ দিন পঞ্চায়েতে বন্ধ গুরুত্বপূর্ণ কাজ কর্ম,সেই কারণেই পঞ্চায়েতের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিস বন্ধ থাকায় বিভিন্ন পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। জন্ম-মৃত্যুর শংসাপত্র, আবাস যোজনার নথি, বার্ধক্য ভাতা থেকে শুরু করে একাধিক জরুরি কাজে প্রতিদিনই মানুষ পঞ্চায়েতে আসছেন, কিন্তু কাজ না করিয়েই ফিরে যেতে হচ্ছে তাঁদের।
তবে সাধারণ মানুষের প্রশ্ন অন্য জায়গায়। রাজনৈতিক পালাবদল যাই হোক, প্রশাসনিক পরিষেবা কেন থমকে থাকবে? একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভোটের পরেই হঠাৎ অদৃশ্য হয়ে যান, তাহলে সাধারণ মানুষ ভরসা রাখবেন কার উপর?
সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই প্রধান কি সত্যিই নিখোঁজ নাকি পালাবদলের জেরে রাজনৈতিক আবহেই আপাতত লোকচক্ষুর আড়ালে থাকতে চাইছেন তিনি? যদি তাই হয় তবে সাধারণ মানুষের পরিষেবা দেবে কে?


